প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ এএম (ভিজিট : ৭)

ইংল্যান্ডে সফরে বাবর আজমের চোটে পাকিস্তানকে প্রথম টেস্টে নেতৃত্ব দেন সালমান আলী আগা। বাবর ফিরলে দ্বিতীয় টেস্টে তিনিই নেতৃত্ব দেন। তবে প্রথম টেস্টে অধিনায়কত্ব করা সালমান বাদ পড়েন তৃতীয় টেস্টে। কোচসহ একাধিক খেলোয়াড়কে দেশে ফেরত পাঠায় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
তবে সালমান ছিলেন পাকিস্তানের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক। এবার তাকে সেই পদ থেকেই সরিয়ে দেওয়া হলো। বাদ পড়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ থেকেও। অধিনায়কত্বের ভার সামলাবেন সাহিবজাদা ফারহান। এশিয়ান গেমসে তার অধীনেই ফাইনাল খেলে পাকিস্তান। যদিও ভারতের বিপক্ষে হেরে সোনা জেতা হয়নি। সন্তুষ্ট থাকতে হয়েছে রুপা নিয়েই।
২০২৫ এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর থেকেই সাহিবজাদা ফারহানের গুরুত্ব ক্রমেই বেড়েছে। সেই আসরে পাকিস্তান ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হন ফারহান। তার স্ট্রাইক রেট ছিল ১৬০।
তবে এশিয়ান গেমসে পাকিস্তান যে দুটি ম্যাচ খেলেছে, সেখানে ব্যাট হাতে একই সাফল্য পাননি ফারহান। যদিও ফাইনালে ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত ১৯ রানে হারলেও লড়াইটা বেশ জমিয়ে তুলেছিল পাকিস্তান। তিনি একবছর পর ফিরেছেন জাতীয় দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে গত ফেব্রুয়ারিতে সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিলেন নাসিম শাহ। তিনিও দলে ফিরেছেন। শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টির পর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়েছে তাকে
ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে টেস্ট অভিষেকে গতি দিয়ে নজর কাড়া ডানহাতি পেসার রাজাউল্লাহও দুই সংস্করণের দলেই আছেন।
ওয়ানডে দলে অবশ্য বড় ধরনের পরিবর্তন নেই। অধিনায়কত্ব ধরে রেখেছেন শাহিন শাহ আফ্রিদি। দলে আছেন বাবর আজম, তবে নেই মোহাম্মদ রিজওয়ান। জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অথরিটির তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় রিজওয়ানকে টি-টোয়েন্টি দলেও রাখা হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও পরবর্তী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে ফিরছেন শন টেইট। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এক বছর এই দায়িত্ব পালন করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ অক্টোবর। তিনটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ১৮ অক্টোবর শুরু হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মুহাম্মদ ইমরান রন্ধাওয়া, খাজা নাফায় (উইকেটকিপার), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান, সুফিয়ান মুকিম।
শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের দল
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।
ডেল্টা টাইমস/সিআর/এমই