জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

অপরাধ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে

2026-10-02T18:04:20+06:00
2026-10-02T19:14:17+06:00
শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে
জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৭:১৪ পিএম  (ভিজিট : ১৯)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ক্যান্টনমেন্টের বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এর আগে আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার রেজাউল করিম রেজা গণমাধ্যমকে বলেন, “অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ব্যাপারে গোয়েন্দা পুলিশের কাছে আমরা সহায়তা চেয়েছিলাম। তারা গ্রেপ্তার করে আমাদের কাছে দিয়েছে।”


বিমানবন্দর থানায় গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব। দণ্ডবিধির একাধিক ধারায় করা মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীরা নামার পর বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি শান্ত করতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামান তার দিকে এগিয়ে গিয়ে হুমকি ও অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভিডিও ধারণে নিষেধ করায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে আখতারুজ্জামান গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের জমজমের পানির বোতল ক্ষতিগ্রস্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে।

এদিকে মামলাটির তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।








  এই ক্যাটেগরির আরো সংবাদ