পাঠ্যপুস্তকের বাইরে নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে রাজধানীর ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ আর্জুমান লায়লা। তাঁর বক্তব্যের পর স্বাগত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল সাংস্কৃতিক পর্ব।
অনুষ্ঠানে প্লে-গ্রুপ থেকে শুরু করে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয় নাচ, গান, আবৃত্তি, নাটক ও জাদু প্রদর্শনসহ নানা পরিবেশনায়। বিদ্যালয়ের শিক্ষিকাদের তত্ত্বাবধান, নির্দেশনা ও প্রশিক্ষণে প্রস্তুত হওয়া এসব পরিবেশনা অনুষ্ঠানে যোগ করে বাড়তি প্রাণচাঞ্চল্য। ইংরেজি মাধ্যমের শিক্ষাব্যবস্থার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করাই ছিল আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্যে অধ্যক্ষ আর্জুমান লায়লা বলেন, শিক্ষার লক্ষ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন বা ভালো ফলাফল করা নয়; শিক্ষার্থীদের মানবিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও সংস্কৃতিমনস্ক মানুষ হিসেবে গড়ে তোলাও সমান জরুরি। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়, পাশাপাশি দলগত কাজ, দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলতেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিপুলসংখ্যক অভিভাবকও। তাঁরা সন্তানদের পরিবেশনা উপভোগের পাশাপাশি দিনভর আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। খাবারসহ নানা আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস, শিক্ষিকাদের পরিশ্রম, বিদ্যালয় কর্তৃপক্ষের পরিকল্পনা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় শিক্ষা, সংস্কৃতি ও পারিবারিক সম্পৃক্ততার এক আনন্দঘন মিলনমেলায়।
ডেল্টা টাইমস/সিআর/এমই