চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো

2026-09-24T13:07:35+06:00
2026-09-24T13:07:35+06:00
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চুয়েটে তৃতীয় দিনের শাটডাউন, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৪)

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’, ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এমন বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠিও পাঠ করেন।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।

শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধন শেষে শিক্ষকরা র‍্যালি নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন।

এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল করার কথা রয়েছে।

শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে তৃতীয় দিনের মতো চুয়েটে সর্বাত্মক শাটডাউন চলছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ