সমুদ্র শুধু নীল জলরাশির বিস্তার নয়; বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, যোগাযোগ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে এর সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পণ্য পরিবহন, শিল্পের কাঁচামাল সরবরাহ, জ্বালানি ও খাদ্যশস্যের আন্তর্জাতিক বাণিজ্য—সবকিছুর পেছনেই রয়েছে সমুদ্রপথের গুরুত্বপূর্ণ ভূমিকা। বৈশ্বিক বাণিজ্যের সিংহভাগই সমুদ্রপথনির্ভর। বাংলাদেশের ক্ষেত্রেও এর গুরুত্ব অনস্বীকার্য। নদী, বন্দর ও সমুদ্রপথকে ঘিরেই গড়ে উঠেছে দেশের অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ অবকাঠামো।
এই বাস্তবতায় ২০২৬ সালের বিশ্ব মেরিটাইম দিবসের প্রতিপাদ্য—“From Policy to Practice: Powering Maritime Excellence”, অর্থাৎ “নীতি থেকে প্রয়োগে: সামুদ্রিক উৎকর্ষের শক্তি”—বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। প্রতিপাদ্যটি একটি মৌলিক সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে: শুধু নীতিমালা, আইন, পরিকল্পনা কিংবা আন্তর্জাতিক অঙ্গীকার প্রণয়ন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না; প্রকৃত সাফল্য নির্ভর করে সেই নীতি কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে, তার ওপর। নীতির সাফল্য তখনই দৃশ্যমান হয়, যখন তা বন্দরের জেটিতে, জাহাজের ডেকে, নাবিকের কর্মক্ষেত্রে এবং সমুদ্রের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় বাস্তব পরিবর্তন নিয়ে আসে।
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সামুদ্রিক সম্ভাবনার এক বিশাল দ্বার খুলে দিয়েছে। বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য, বন্দর, শিপিং, নৌপরিবহন এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সামনে রয়েছে বহুমাত্রিক সুযোগ। দেশের আন্তর্জাতিক বাণিজ্যের ৯০ শতাংশেরও বেশি সমুদ্রপথে পরিচালিত হয়। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং বিস্তৃত অভ্যন্তরীণ নৌপথ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত। এসব বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হয়, শিল্পের কাঁচামাল আসে, উৎপাদন ও সরবরাহব্যবস্থা সচল থাকে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ধীরে ধীরে সামুদ্রিক সীমানা, জাহাজ চলাচল ও বন্দর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলেছে। আন্তর্জাতিক সমুদ্র আইন বা UNCLOS-এর সঙ্গে সামঞ্জস্য রেখে সামুদ্রিক আইন ও বিধিবিধান প্রণয়ন, মার্চেন্ট শিপিং-সংক্রান্ত আইন এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য পৃথক আইনি কাঠামো প্রতিষ্ঠা সেই দীর্ঘ অভিযাত্রার অংশ। আন্তর্জাতিক মেরিটাইম অঙ্গনে বাংলাদেশের সম্পৃক্ততাও ক্রমাগত বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে ২৯টি IMO সামুদ্রিক কনভেনশনে যুক্ত হয়েছে। এসব আন্তর্জাতিক অঙ্গীকারকে জাতীয় পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করাই এখন সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
বাংলাদেশের সামুদ্রিক উৎকর্ষের অন্যতম প্রধান ভিত্তি হলো আধুনিক ও দক্ষ বন্দরব্যবস্থা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের পাশাপাশি লালদিয়া কনটেইনার টার্মিনাল উন্নয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, পায়রা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল ও ইয়ার্ড আধুনিকায়নের উদ্যোগ অব্যাহত রয়েছে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির কাজও দেশের সামগ্রিক বন্দরব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।
আধুনিক বন্দর মানে শুধু বড়ো অবকাঠামো নয়; এর সঙ্গে যুক্ত দক্ষ অপারেশন, দ্রুত পণ্য খালাস, আধুনিক লজিস্টিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানের সেবা। কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, বন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খলের সঙ্গে বাংলাদেশের বন্দরগুলোকে আরও কার্যকরভাবে যুক্ত করার উদ্যোগ বৈদেশিক বাণিজ্যের সময় ও ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক্ষেত্রে ডিজিটালাইজেশন একটি নতুন দিগন্ত উন্মোচন করছে। বাংলাদেশের বন্দর কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় লজিস্টিক ব্যবস্থাপনা এবং Maritime Single Window বাস্তবায়নের উদ্যোগ নৌবাণিজ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চট্টগ্রাম বন্দরে Maritime Single Window চালু হলে জাহাজের আগমন ও প্রস্থান-সংক্রান্ত বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন প্রক্রিয়া একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার সুযোগ তৈরি হবে। এতে প্রশাসনিক জটিলতা কমানো, সময় ও ব্যয় সাশ্রয় এবং নৌবাণিজ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। ভবিষ্যতে ধাপে ধাপে অন্যান্য বন্দর ও স্থলবন্দরের সঙ্গে এই ধরনের ডিজিটাল ব্যবস্থাপনা যুক্ত করার মাধ্যমে নৌবাণিজ্যকে আরও কাগজবিহীন ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হবে।
একই সঙ্গে দেশের স্থল, নৌ ও সমুদ্রবন্দরগুলোর সমন্বিত উন্নয়নের জন্য ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো দেশের সামগ্রিক বন্দর অবকাঠামো ও লজিস্টিক ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সক্ষমতা তৈরি করা। বেসরকারি বিনিয়োগ ও অংশীদারিত্বের মাধ্যমে জেটি ও টার্মিনাল উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতিগত কাঠামো শক্তিশালী করার উদ্যোগও এ প্রক্রিয়ার অংশ।
বাংলাদেশের মেরিটাইম উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো অভ্যন্তরীণ নৌপরিবহন। নৌপথের নাব্যতা সংরক্ষণ, নিয়মিত ড্রেজিং, নৌ-নিরাপত্তা, নেভিগেশন সহায়তা এবং উদ্ধার সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম দেশের সামগ্রিক নৌপরিবহন ব্যবস্থার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ। একটি কার্যকর অভ্যন্তরীণ নৌপথব্যবস্থা কৃষি, শিল্প, পণ্য পরিবহণ এবং অভ্যন্তরীণ বাণিজ্যের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সড়কপথের ওপর চাপ কমাতেও তা ভূমিকা রাখতে পারে।
আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর আধুনিকায়নও নীতি থেকে প্রয়োগে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ, ২০২৬-এর খসড়া প্রণয়নের উদ্যোগ পুরোনো শিপিং আইনি কাঠামোকে বর্তমান বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার প্রচেষ্টার অংশ। একইভাবে Wreck Removal Convention অনুসমর্থনের মাধ্যমে পরিত্যক্ত বা ডুবে যাওয়া জাহাজ অপসারণের জন্য একটি সুস্পষ্ট আইনি কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর সঙ্গে নৌ চলাচলের নিরাপত্তা এবং সামুদ্রিক পরিবেশ সুরক্ষার বিষয়টিও সরাসরি যুক্ত।
সামুদ্রিক পরিবেশ সুরক্ষা বর্তমানে বিশ্ব মেরিটাইম খাতের অন্যতম প্রধান অগ্রাধিকার। জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ, সামুদ্রিক দূষণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়গুলো আন্তর্জাতিক মেরিটাইম নীতিতে ক্রমেই অধিক গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশও এ বাস্তবতার বাইরে নয়। পরিবেশবান্ধব জাহাজ চলাচল, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং নিরাপদ ও পরিবেশসম্মত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
হংকং ইন্টারন্যাশনাল কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে বিশ্বমানের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বা শিপ-রিসাইক্লিং সুবিধা গড়ে তোলার উদ্যোগ বাংলাদেশের সামুদ্রিক পরিবেশ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ দিক। একই সঙ্গে সামুদ্রিক প্লাস্টিক দূষণ মোকাবিলা, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশগত ঝুঁকি কমানোর বিষয়গুলোও ভবিষ্যৎ মেরিটাইম পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। কারণ সামুদ্রিক উৎকর্ষ কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয় নয়; এর সঙ্গে সমুদ্রের সুস্থতা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারও জড়িত।
এক্ষেত্রে বাংলাদেশ মেরিন একাডেমি ও অন্যান্য সামুদ্রিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক IMO STCW মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক কারিকুলাম, প্রশিক্ষণ জাহাজ, সিমুলেটর এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ক্যাডেট ও রেটিং তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের সামুদ্রিক সম্ভাবনা অবশ্য শুধু বন্দর বা জাহাজ চলাচলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে Blue Economy বা সুনীল অর্থনীতির বিস্তৃত সম্ভাবনা। সামুদ্রিক সম্পদ, বন্দর, শিপিং, মৎস্য, পর্যটন, সামুদ্রিক সেবা এবং সংশ্লিষ্ট শিল্প—সব মিলিয়ে একটি বৃহৎ অর্থনৈতিক পরিসর গড়ে তোলার সুযোগ রয়েছে। এই সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করতে প্রয়োজন দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তি, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং আন্তর্জাতিক সরবরাহ-শৃঙ্খলের সঙ্গে আরও কার্যকর সংযোগ।
বিশ্ব মেরিটাইম দিবস ২০২৬ তাই বাংলাদেশের জন্য কেবল উদযাপনের দিন নয়—এটি একটি অঙ্গীকারের দিন। সেই অঙ্গীকার হলো কাগজে থাকা নীতিকে বাস্তব কর্মক্ষেত্রে রূপ দেওয়া; আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে কার্যকর বাস্তবতায় পরিণত করা; আধুনিক প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের সমন্বয়ে মেরিটাইম সক্ষমতা বাড়ানো; এবং সমুদ্রকে অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশগত স্থায়িত্বের ভিত্তি হিসেবে গড়ে তোলা।
লেখক: তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, নৌপরিবহন মন্ত্রণালয়
ডেল্টা টাইমস/কাজী আারিফ বিল্লাহ/ সিআর/এফএএইচ