প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম (ভিজিট : ০)

পলাতক স্বৈরাচার বারবার বলছে সে ডিসেম্বরে দেশে আসবে। আবার বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, ডিসেম্বরে সরকার পড়ে যাবে। মানুষ এটার মধ্যে যোগসূত্রা পায় কিনা এটা আমার মনে একটা প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, পলাতক স্বৈরাচার বারবার বলছে সে ডিসেম্বরে দেশে আসবে। আবার বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, ডিসেম্বরে সরকার পড়ে যাবে। মানুষ এই দুই বক্তব্যের মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পায় কি না, সেটা আমার প্রশ্ন।
দেশের অর্থনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রায় ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যাত্রা শুরু করেছে। তবে মাত্র ৭ মাসে অর্থনীতিকে ঘুরিয়ে ঊর্ধ্বমুখী গতি শুরু করা হয়েছে বলে দাবি করেন তিনি।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে মীর হেলাল বলেন, একদিকে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে দুই-চারশো গাড়ি নিয়ে রোড মার্চে যাওয়া হচ্ছে। তাহলে এটা আসলে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে কি না, মানুষ এখন এসব বুঝতে পারে।
তিনি বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়। রাজনৈতিক মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে জনজীবন বিপন্ন হলে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সরকার আইনের ভেতরে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিদেশে থাকা ব্যক্তিরা অর্থের বিনিময়ে দরিদ্র পরিবারের সন্তানদের দিয়ে ভোররাতে মিছিল করাচ্ছেন। এসব ঘটনায় দরিদ্র পরিবারের সন্তানরা গ্রেপ্তার হলেও বিদেশে থাকা ব্যক্তিরা আরামে থাকছেন বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক দ্বিচারিতা প্রসঙ্গে মীর হেলাল বলেন, যারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন, তারা সংসদের ভেতরে এক ধরনের কথা এবং বাইরে অন্য ধরনের কথা বলছেন। এ ধরনের দ্বিচারিতা রাজনীতির জন্য শুভ লক্ষণ নয়।
দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণ তাদের ৫ বছরের ম্যান্ডেট দিয়েছে। এই সময়ে সরকার সফল বা ব্যর্থ হলে ৫ বছর পর জনগণই তার বিচার করবে।
মীর হেলাল বলেন, আমরা রাতের ভোটে নির্বাচিত সংসদ সদস্য নই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্য। ৫ বছর পর জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখতে না পারে, আমরা তা মেনে নেব। আবার আস্থা রাখলে পূর্ণ মেয়াদে রাজনৈতিকভাবে ও সরকারি সেবা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া, এমপি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই