খাগড়াছড়িতে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম (ভিজিট : ৩)

খাগড়াছড়ির রামগড়ে সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম রেজাউল করিম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, দুই দিন আগে ওই ব্যক্তি ফোন করে নিজেকে একজন সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার তিনি রামগড়ে এসে ইউএনওর সঙ্গে দেখা করেন। এ সময় বদলির প্রসঙ্গ তুলে নিজের আর্থিক সংকটের কথা জানান এবং এক লাখ টাকা ধার চান।
বিষয়টি সন্দেহজনক মনে হলে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সঙ্গে যোগাযোগ করেন। পরে ওই সচিব জানান, রেজাউল করিম নামে ওই ব্যক্তিকে তিনি চেনেন না এবং তার কোনো ভাইও নন।
পরে খোঁজ নিয়ে জানা যায়, রেজাউল করিম রামগড় থানার ওসি পরিচয় দিয়েও একটি আবাসিক হোটেলে অবস্থান করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, ঘটনার পর প্রতারণার অভিযোগে তাকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ