প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম (ভিজিট : ৬)

কয়েকজন মন্ত্রী ও হাজারও ইসরায়েলিকে নিয়ে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি মসজিদে প্রবেশ করেননি বরং দখল করা পূর্ব জেরুজালেমের পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রার্থণা করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তার মধ্যে নেতানিয়াহু ও তার সঙ্গীরা সেখানে যান বলে জানিয়েছে ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট।
জেরুজালেম গভর্নরেটের বিবৃতিতে বলা হয়েছে, পুরোনো শহরের ওয়াদি স্ট্রিট হয়ে হাজার হাজার ইসরায়েলি পশ্চিম দেয়াল প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
ইহুদিদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইয়ম কিপ্পুর সামনে রেখে আল-আকসা মসজিদের একটি প্রবেশপথ বাব আল-রহমার কাছে প্রার্থনা ও ধর্মীয় আচার পালনের আহ্বান জানান ইসরায়েলি গোষ্ঠীগুলো। সেই আহ্বানের পরই বিপুলসংখ্যক ইসরায়েলি সেখানে জড়ো হন বলে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে।
অন্যদিকে, ওই সময়ে বিপুলসংখ্যক ফিলিস্তিনিও আল-আকসা মসজিদে নামাজ পড়তে ও পুরোনো শহরের বাজারে কেনাকাটা করতে এলাকায় আসেন।
ইয়ম কিপ্পুর ঘনিয়ে আসায় ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে আসার আহ্বান জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। ইসরায়েলিদের প্রবেশ ঠেকাতে ও ‘দখলদারদের পরিকল্পনা ব্যর্থ করতে’ আল-আকসায় অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল পশ্চিম দেয়ালকে ইহুদিদের পবিত্র স্থান হিসেবে বিবেচনা করে ও বর্তমানে এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, জেরুজালেমের ইসলামিক ওয়াকফ প্রশাসন ও ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেটের বক্তব্য, পশ্চিম দেয়াল আল-আকসা মসজিদ-সংলগ্ন ইসলামের পবিত্র স্থাপনাগুলোর অংশ।
পশ্চিম দেয়াল প্রাঙ্গণ ইসরায়েলি কর্তৃপক্ষ ২৪ ঘণ্টাই খোলা রাখে। সেখানে ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও ইসরায়েলি সরকারের বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজন হয়। প্রবেশপথগুলোতে নিরাপত্তা তল্লাশি ও পরিচয় যাচাই করা হয়।
ইসরায়েলি বিভিন্ন গোষ্ঠী ইয়ম কিপ্পুরের আগে ‘সেলিখোট’ নামে পরিচিত বিশেষ প্রার্থনা পালনের জন্য বাব আল-রহমার বাইরে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিল। ইয়ম কিপ্পুর শুরু হবে ২১ সেপ্টেম্বর।
ইহুদি ধর্মীয় উৎসবের সময়কাল শুরু হয়েছে ১২ ও ১৩ সেপ্টেম্বর হিব্রু নববর্ষের মধ্য দিয়ে। এরপর ২১ সেপ্টেম্বর পালিত হবে ইয়ম কিপ্পুর বা প্রায়শ্চিত্ত দিবস।
এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে সুক্কোট বা ফিস্ট অব ট্যাবারন্যাকলস। ৩ অক্টোবর পালিত হবে সিমখাত তোরাহ। এই দিনে ইহুদিদের বার্ষিক তোরাহ পাঠচক্রের সমাপ্তি উদ্যাপন করা হয়।
এদিকে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলিদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ রয়েছে। জেরুজালেম গভর্নরেটের বিবৃতি অনুযায়ী, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে ইসরায়েলিদের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নতুন করে প্রায় ১০০ ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে বলেও পরে জেরুজালেম গভর্নরেট জানিয়েছে। তাদের ইসরায়েলি পুলিশের সুরক্ষায় প্রাঙ্গণে ঢুকে ধর্মীয় আচার পালন করার অভিযোগ করা হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এফএএইচ