প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম (ভিজিট : ১০)

সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের শুরুটা সুখকর হয়নি বাংলাদেশ ফুটবল দলের। নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই হারে আবারও বড় প্রশ্নের মুখে পড়েছেন কোচ পিটার বাটলার। তবে হারের দায় মাথা পেতে নিয়েছেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিটার বাটলার বলেন, ‘আমাদের মূল প্রতিপক্ষ মিয়ানমার। এই ম্যাচে এক গোলে হারাও যা, দশ গোলে হারাও তাই। এমনকি দক্ষিণ কোরিয়ার সঙ্গেও এমন হতে পারে।’
বাটলার হারের পর খুব সরলীকরণ করছেন। তবে বাংলাদেশের এই দলটিই অস্ট্রেলিয়ায় এশিয়া কাপে উত্তর কোরিয়ার বিপক্ষে লড়াই করেছিল। কিন্তু আজ প্রথম ৬০ মিনিটে হজম করে ৯টি গোল। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না হলেও কোচ বাটলার বলেন, ‘অবশ্যই, আমি দায় নিচ্ছি। মেয়েরা আমার নির্দেশনায় খেলেছে। ফলে দায়ও আমার নিতে সমস্যা নাই।’
বাংলাদেশ দলের প্রাণভোমরা ঋতুপর্ণা চাকমা। সেই ঋতুকে আজ একাদশে রাখেননি বাটলার। দ্বিতীয়ার্ধে সিনিয়র ফুটবলাররা নামার পর খেলা পরিবর্তন হয়েছে। বিষয়টি স্বীকার করে বাটলার বলেন, ‘১৫ বছর বয়সীও একজন খেলেছেন। তারুণ্য ও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে।’
ম্যাচ হারের পর বাটলার নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে হাজির হওয়া নতুন কিছু নয়। আজও তিনি সেদিকে খানিকটা ইঙ্গিত করে বলেন, ‘আমি মাঠের বিষয়ে নিয়ন্ত্রণ বা দায় নিতে পারি। মাঠের বাইরেও কিছু ঘটছে। সেটার নিয়ন্ত্রণ আমার কাছে নেই।’