টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে নতুন রেকর্ড রুটের

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

টেস্ট ক্রিকেটে আরও একটি অনন্য কীর্তি গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ডে কিংবদন্তি

2026-09-13T17:06:13+06:00
2026-09-13T17:06:13+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে নতুন রেকর্ড রুটের
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৮)

টেস্ট ক্রিকেটে আরও একটি অনন্য কীর্তি গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। সবচেয়ে বেশি ফিফটি করার রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এখন এককভাবে শীর্ষে উঠেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে রান তাড়ায় অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন রুট। তাঁর এই ইনিংসটি টেস্ট ক্যারিয়ারের ৬৯তম ফিফটি। এর মধ্য দিয়ে টেন্ডুলকারের ৬৮টি ফিফটির রেকর্ড পেছনে ফেলেন ইংল্যান্ডের এই ব্যাটসম্যান।

টেন্ডুলকার ২০০ টেস্টে ৬৮টি ফিফটি করেছিলেন। সেখানে রুট এই মাইলফলকে পৌঁছেছেন ৩১টি ম্যাচ কম খেলেই। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে ৬৬ রান করে টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।

তবে মোট পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হিসাবে এখনো টেন্ডুলকারই এগিয়ে। ৫১ সেঞ্চুরি ও ৬৮ ফিফটি মিলিয়ে তাঁর মোট পঞ্চাশোর্ধ্ব ইনিংস ১১৯টি। রুটের রয়েছে ৪১ সেঞ্চুরি ও ৬৯ ফিফটি—মোট ১১০টি। এই তালিকায় জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের ১০৩টি করে এবং দ্রাবিড়ের ৯৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে।

এজবাস্টনেও নতুন মাইলফলক ছুঁয়েছেন রুট। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাঠে টেস্টে এক হাজার রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। ১১ টেস্টে তাঁর সংগ্রহ এখন ১ হাজার ১৮ রান। ১০ টেস্টে ৮৬৯ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয় অ্যালিস্টার কুক।

ইংল্যান্ডের সফলতম এই ব্যাটসম্যান এখন দেশের চারটি ভেন্যুতে টেস্টে এক হাজারের বেশি রান করেছেন। লর্ডসে তাঁর রান ২ হাজার ২০৩, ম্যানচেস্টারে ১ হাজার ১২৮ এবং ওভালে ১ হাজার ৫০। ভিন্ন চারটি ভেন্যুতে হাজার রান করার কীর্তি রয়েছে কেবল জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়েরও।

এদিকে টেস্টে রুটের মোট রান দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৮। ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের সামনে এখন শচীন টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের সর্বোচ্চ রানের রেকর্ড। ফলে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি টেস্ট ইতিহাসের আরেকটি বড় মাইলফলকের দিকেও এগিয়ে যাচ্ছেন রুট।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ