ধর্ষণের পর কিশোরীকে গলা কেটে হত্যা, দুজনের মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম (ভিজিট : ৪)

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মিরাশ মিয়ার ছেলে খলিল মিয়া এবং ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তারকে (১৭) ধর্ষণের উদ্দেশ্যে বসতঘর থেকে অপহরণ করে বাড়ির পাশের লন্ডনপ্রবাসী শরিয়ত আলীর ধানক্ষেতে নিয়ে যায় আসামিরা। সেখানে খলিল মিয়া তাকে ধর্ষণ করে। পরবর্তীতে গোলাম হোসেন ধর্ষণের চেষ্টা করলে জুবা আক্তার বাধা দেন। এ সময় আসামিরা তাকে গলা কেটে হত্যা করে।
এ ঘটনায় জুবা আক্তারের বাবা সুফি মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(২) ধারাসহ দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় নবীগঞ্জ থানায় মামলা করেন।
ভিকটিমের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করে পুলিশ খলিল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ গঠন করেন। বিচারক ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে রবিবার এ রায় ঘোষণা করেন।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি