নরসিংদীর মনোহরদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

নরসিংদীর মনোহরদী উপজেলায় মহাসড়কে পণ্যবাহী গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ

2026-09-13T16:49:46+06:00
2026-09-13T16:49:46+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

নরসিংদীর মনোহরদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ০)
সংবাদ সম্মেলনে  নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

নরসিংদীর মনোহরদী উপজেলায় মহাসড়কে পণ্যবাহী গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যান, দেশীয় অস্ত্র, লুণ্ঠিত ডিমের ক্যারেট এবং বিক্রি করা ডিমের নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

 রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, মহাসড়কে পণ্যবাহী গাড়ি ডাকাতির শিকার হলে ক্ষুদ্র ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েন। এ কারণে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের ধরার পরিকল্পনা নেয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।


পুলিশের ভাষ্যমতে, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কে ডিমবাহী একটি মাহিন্দ্র পিকআপে হামলা চালায় ডাকাতেরা। সড়কে পিকআপ দিয়ে ব্যারিকেড তৈরি করে তারা গাড়ি থামায়, এরপর অস্ত্রের মুখে চালক তাজুল ইসলাম ও হেলপার শাহাদাত হোসেনের হাত-পা ও মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। পরে ২৬ হাজার ১০০ পিস ডিমসহ পিকআপটি নিয়ে পালিয়ে যায় তারা। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৩০ হাজার ৭৯৫ টাকা।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ঘটনার পর থানায় মামলা হওয়ার পর পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর মহাসড়ক এলাকা থেকে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজার থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত পিকআপ, ডিমের ক্যারেট এবং ডিম বিক্রির ১০ হাজার টাকা। এ সূত্রে জসিম উদ্দিন নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন (২৮), রিফাত হৃদয় (২৮), আবদুল্লাহ আল মুন্না ওরফে রোমান (২৭), রহমত আলী ওরফে জিল্লুর এবং জসিম উদ্দিন (৬০)। পুলিশের দাবি, এই দলটি আন্তঃজেলা পর্যায়ে সক্রিয় এবং বিভিন্ন জেলার সড়ক-মহাসড়কে নিয়মিত ডাকাতির সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া দুজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অভিযানে তিনটি রামদা, দুটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি স্ক্রু ড্রাইভার ও একটি তারকাটার প্লাস জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ