প্রকৃতির নামে চিঠি লিখে, বিতর্কে ঝড় তুলে শেষ হলো তারুণ্যের পরিবেশ উৎসব

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবেলায় তরুণদের সচেতন করে তোলার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী আয়োজিত হলো জাতীয়

2026-09-12T20:46:31+06:00
2026-09-12T20:46:31+06:00
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকৃতির নামে চিঠি লিখে, বিতর্কে ঝড় তুলে শেষ হলো তারুণ্যের পরিবেশ উৎসব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবেলায় তরুণদের সচেতন করে তোলার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে চার দিনব্যাপী আয়োজিত হলো জাতীয় পরিবেশভিত্তিক উৎসব ‘গ্রিন জেনেসিস ২০২৬’। গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্তের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আয়োজকদের তথ্যমতে, প্রায় তিন হাজার শিক্ষার্থী উৎসবে নিবন্ধন করেন এবং ১২টি বিভাগে সাড়ে তিন হাজারের বেশি আবেদন জমা পড়ে। দেশের প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৫৩টি প্রতিষ্ঠানের ৮৮টি ক্লাব এবং বিভিন্ন অঞ্চলের প্রায় ৫০ জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

উৎসবের আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির আউটরিচ টিম, বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিসিইআর) এবং ইয়ুথ ফর আ গ্রিন আর্থ। সহআয়োজক হিসেবে ছিল লিডারশিপ ডেভেলপমেন্ট ফোরাম, এনভায়রনমেন্টাল ক্লাব, কমিউনিটি সার্ভিস ক্লাব ও ন্যাচারাল সায়েন্স ক্লাব।

উৎসবের প্রথম দিন শুরু হয় ‘আ লেটার টু নেচার’ প্রতিযোগিতার মধ্য দিয়ে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা প্রকৃতির উদ্দেশে নিজেদের ভাবনা, উদ্বেগ ও প্রত্যাশা তুলে ধরে চিঠি লেখেন। এই পর্বে উঠে আসে প্রকৃতির সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক, পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ পৃথিবী নিয়ে ভাবনার প্রতিফলন।

দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় ‘ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড’ ও ‘ক্লাইমেট ওরেটরি’। অলিম্পিয়াডে জলবায়ুবিজ্ঞান, পরিবেশগত পরিবর্তন ও সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে অংশগ্রহণকারীদের জ্ঞান যাচাই করা হয়, আর ক্লাইমেট ওরেটরিতে তরুণরা তাৎক্ষণিক বক্তব্যের মাধ্যমে নিজেদের বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা তুলে ধরে বিতর্কে মাতিয়ে রাখেন আয়োজন।

তৃতীয় দিন অনুষ্ঠিত ‘গ্রিন জেনেসিস ইনস্পিরেশন’ শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিসিইআরের পরিচালক ড. গোলাম রব্বানী, আর শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ নিয়ে আলোচনা করেন স্টুডেন্ট লাইফের প্রধান তাহসিনা রহমান। একই দিন এনভায়রনমেন্টাল প্রজেক্ট ডিসপ্লে, ইকো ডিকোড সমস্যা-সমাধান চ্যালেঞ্জ, পোস্টার ডিজাইন, ওয়াল ম্যাগাজিন, ফটোগ্রাফি প্রদর্শনী, এআই আর্টসহ একাধিক সেগমেন্ট অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য পাঁচটি কর্মশালারও আয়োজন করা হয়, যেখানে পরিবেশবিষয়ক যোগাযোগ, গবেষণা ও সাংবাদিকতার নানা কৌশল তুলে ধরা হয়। বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানতে চান প্রকল্পগুলোর পেছনের ভাবনা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ও সিসিইআরের উপদেষ্টা প্রফেসর ড. আইনুন নিশাত। তিনি বলেন, ভবিষ্যতের টেকসই বাংলাদেশ গড়তে জ্ঞান, উদ্ভাবন ও সচেতনতার সমন্বয়ে কাজ করতে হবে, আর এই যাত্রায় তরুণরাই সবচেয়ে বড় শক্তি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং সমাপনী বক্তব্য দেন আউটরিচ টিমের সহকারী পরিচালক দীপ্তি সরকার। সফল প্রতিযোগী ও প্রদর্শনকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, সনদ ও সম্মাননা।

চার দিনের এই তারুণ্যের মহোৎসবের পৃষ্ঠপোষকতা করেছে এসিআই মোটরস, আর ডিজিটাল পার্টনার হিসেবে ছিল প্রথম আলো।


ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ