প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ১২.০৯.২০২৬ ৭:৩৬ পিএম (ভিজিট : ২২)

প্রতীকী ছবি
দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। এ লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি আকর্ষণীয় পাঠদান ও শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ দফা বাস্তবায়নে সম্প্রতি মাঠে নেমেছে শিক্ষা প্রশাসন।
কর্মপরিকল্পনা অনুযায়ী, সারাদেশের স্কুল-কলেজে অভিন্ন পাঠ পরিকল্পনা ও রুটিন বাস্তবায়ন, মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষকদের পাঠদান সরাসরি তদারকি (লাইভ মনিটরিং) করতে ইতিমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে শিক্ষা প্রশাসন। এর পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানো, বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক-পুরস্কারের ব্যবস্থা এবং একটি ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর বিষয়েও কাজ চলছে।
কর্মপরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি। এ লক্ষ্যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রণীত আচরণবিধি সংশোধন করা হচ্ছে এবং শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে দূরে রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। তিনি জানান, প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসন বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি