প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম (ভিজিট : ৩)

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে "জাকসু জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার সামিট ২০২৬"। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আয়োজকরা জানান, এই জব ফেয়ার থেকে ৭০০ শিক্ষার্থীর চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
শিক্ষার্থী ও তরুণ গ্র্যাজুয়েটদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ক্যারিয়ার উন্নয়ন এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির আবেদন ও রিক্রুটমেন্টের পাশাপাশি থাকবে ক্যারিয়ার উন্নয়নমূলক নানা কার্যক্রম।
আয়োজনের টাইটেল স্পন্সর 'ক্যারিয়ার হাব, পাওয়ার্ড বাই ব্র্যাক'। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে নিউজিল্যান্ড ডেইরি ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস। গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত আছে ইংলিশ থেরাপি, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড, টেরাপ্রাইম হোটেলস অ্যান্ড রিসোর্টস প্রাইভেট লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, স্পার্ক রাইড টেকনোলজি লিমিটেড এবং হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্ফ বাংলাদেশ।
জব ফেয়ারে অংশ নেবে আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ডেটা সলিউশন ৩৬০ লিমিটেড, আবুল খায়ের গ্রুপ, আরএফএল গ্রুপ, ইফাদ গ্রুপ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রিদম ব্লাড সেন্টার-সহ একাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ায় অংশ নেবেন।
আয়োজনে রিফ্রেশমেন্ট পার্টনার হিসেবে থাকছে 'পোলার', বেভারেজ পার্টনার 'প্রাণ' এবং কফি পার্টনার 'নেসক্যাফে'। আয়োজনের খবর তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য ডেইলি ক্যাম্পাস, স্টার নিউজ, চ্যানেল ওয়ান এবং ফেস দ্য পিপল।
দিনব্যাপী জব ফেয়ারের মূল কার্যক্রম শেষে একই দিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে "রোড টু কর্পোরেট — ক্যারিয়ার সেশন"। এই ক্যারিয়ার এক্সটেনশন সেশনে তিনজন খ্যাতনামা কর্পোরেট স্পিকার উপস্থিত থেকে কর্পোরেট ক্যারিয়ার, পেশাগত উন্নয়ন, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা ও ক্যারিয়ার প্রবৃদ্ধি নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন।
আয়োজকদের মতে, এটি নিছক একটি চাকরির মেলা নয়; বরং রিক্রুটমেন্ট, নেটওয়ার্কিং, ক্যারিয়ার লার্নিং ও ইন্ডাস্ট্রি এক্সপোজারের সমন্বয়ে গড়ে তোলা একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ ঘটবে এবং ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
ডেল্টা টাইমস/সামিয়া তাসনীম স্বাতী/সিআর/এনজিটি