সিকৃবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন স্থগিত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ৮)

সংগৃহীত ছবি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন তিন দিনের জন্য স্থগিত করেছেন আন্দোলনকারীরা। শনিবার (১২ সেপ্টেম্বর) আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন্ন সিলেট সফরের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাদা দলের সিকৃবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরের কথা রয়েছে। তাঁর প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শনের বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সব ধরনের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অধ্যাপক মোজাম্মেল হক আরো বলেন, ‘উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আগামী বুধবার থেকে নতুন উদ্যমে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পুনরায় শুরু করা হবে।’
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে সিকৃবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন জাতীয়তাবাদী ছাত্রদল, সাদা দল এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। আন্দোলনের ধারাবাহিকতায় ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হলেও উপাচার্যের পদত্যাগের দাবিতে তাঁদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি