প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ৪)

সংগৃহীত ছবি
নির্বাচকদের নজরে নেই তিনি। ঘরোয়া ক্রিকেট কিংবা আইপিএলে যতই ভালো পারফর্ম করুন, ভারতীয় দলের দরজা যেন ক্রমেই দূরে সরে যাচ্ছে ভুবনেশ্বর কুমারের জন্য। তবু স্বপ্ন দেখা থামাননি এই পেসার। এখনো ভারতের জার্সিতে ফেরার ইচ্ছা জেগে আছে ৩৬ বছর বয়সী এই পেসারের।
সর্বশেষ ২০২২ সালে ভারতীয় দলের হয়ে খেলেছিলেন ভুবনেশ্বর। এরপর কেটে গেছে বেশ কিছু সময়। জাতীয় দলে ফেরার সুযোগ না এলেও প্রত্যাশা হারাননি তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তাকে প্রশ্ন করা হয়, এখনো কি ভারতীয় দলের হয়ে খেলতে চান? ভুবনেশ্বরের উত্তর ছিল, 'কেন ফিরতে চাইব না? আমারও তো ভারতের হয়ে খেলতে ইচ্ছা করে।'
ঘরোয়া ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই পেসার। উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগের একটি ম্যাচে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, জাতীয় দলে ফিরলে আবারও কি সেই ছন্দে বোলিং করতে চান তিনি? ভুবনেশ্বরের জবাব, 'করতে পারলে তো ভালোই লাগবে। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব।'
শুধু ঘরোয়া ক্রিকেট নয়, আইপিএলেও গত মৌসুমে দুর্দান্ত ছিলেন ভুবনেশ্বর। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। রজত পাটীদার, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
তার পরও জাতীয় দলের দরজা খোলেনি। আইপিএলের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ, এরপর এশিয়ান গেমস। অথচ এসব কোনো পরিকল্পনাতেই জায়গা হয়নি ভুবনেশ্বরের।
ডেল্টা টাইমস/সিআর/এনজিটি