ভারতের কাছে তিন গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

খেলাধুলা

মালদ্বীপের মালেতে গত এপ্রিলে যাদের টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই ভারতের কাছে এবার ৩-০

2026-09-06T20:51:36+06:00
2026-09-06T20:51:36+06:00
রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

ভারতের কাছে তিন গোলে হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালদ্বীপের মালেতে গত এপ্রিলে যাদের টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সেই ভারতের কাছে এবার ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম দুই ম্যাচে হেরে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য ভারত ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবু প্রতিপক্ষ ভারত বলে ভালো খেলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ আতিকুর রহমান। কিন্তু শেষ রক্ষা তো হলোই না, বরং পুরো টুর্নামেন্টের ব্যর্থতার ষোলোকলাই পূর্ণ হলো এই হারে।

মাঠের বাইরের নানা বিতর্কের সঙ্গে প্রথম দুই ম্যাচে মাঠের ছন্নছাড়া ফুটবলের কারণে ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছিল বাফুফে। দলের সঙ্গে সহকারী হিসেবে থাকলেও জেরার্ডের বাধায় ভারপ্রাপ্ত কোচ আতিকুর প্রথম দুই ম্যাচে ডাগআউটেই থাকতে পারেননি। তৃতীয় ও শেষ ম্যাচে দায়িত্ব নিয়েই ভালো কিছু করার বার্তা দিয়েছিলেন সাবেক এই ফুটবলার। কিন্তু দোস্তলিক স্টেডিয়ামে আজ তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

ম্যাচের ২৬ মিনিটেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। মণিপুরের ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার ড্যানি মেইতেই লাইশরাম বক্সে বাড়ানো বল বাংলাদেশের দুই ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ পেয়ে যান। বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর বাঁ পায়ের প্লেসিং গোলকিপার রাজ চৌধুরীর পায়ের নিচ দিয়ে সোজা জালে জড়ায়।
ব্যর্থ এক মিশন শেষ করেছে বাংলাদেশ

৬০ মিনিটে থ্রো-ইন থেকে পাওয়া বলে বাংলাদেশের বক্সের ভেতর ব্যাক হেড করেন এক ভারতীয় খেলোয়াড়, আর সেই বল বাতাসে রেখেই দৃষ্টিনন্দন ব্যাকভলিতে ব্যবধান বাড়ান মিডফিল্ডার বিশাল যাদব। প্রথম দুই গোলের সময়ই ভারতের আক্রমণভাগের খেলোয়াড়েরা ছিলেন পুরোপুরি অরক্ষিত। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বল পাহারাই কাল হয়ে দাঁড়ায়।

দুই গোল হজমের পর প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাউল করায় বাংলাদেশের ডিফেন্ডার মিঠু চৌধুরীকে হলুদ কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত নিয়ে মিঠু অসন্তোষ প্রকাশ করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনা দেখা দিলেও দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে।


আক্রমণভাগে স্ট্রাইকার মাহী খান ও উহঙ্গার অ্যাডাম আব্বাস ব্যবধান কমানোর চেষ্টা করলেও বাংলাদেশ রক্ষণের ভুলের মহড়া থামেনি। ম্যাচের শেষ দিকে আরও একবার খেই হারায় বাংলাদেশের রক্ষণভাগ। এবার ভারতের বদলি মিডফিল্ডার মো. আরবাশ বক্সের ভেতর থেকে বল জালে পাঠালে ব্যবধান দাঁড়ায় ৩-০।

উজবেকিস্তানের কাছে ২-০, সিরিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ভারতের কাছেও এই আত্মসমর্পণ—বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জন্য সফরটা হয়ে থাকল ঘোর হতাশার। সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শুরু করা ভারত স্বাগতিক উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরেছিল। শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে চূড়ান্ত পর্বে ওঠার লড়াইয়ে টিকে থাকল তারা।

ডেল্টা টাইমস/সিআর/এনজিটি








  এই ক্যাটেগরির আরো সংবাদ