বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার

ডেল্টা টাইমস ডেস্ক:

খেলাধুলা

নানা অনিয়ম আর পারিশ্রমিক ইস্যুতে গেল কয়েকবছর ধরেই সমালোচনার মুখে বিপিএল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি

2026-09-05T10:56:36+06:00
2026-09-05T10:56:36+06:00
শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

বিপিএলে বড় তারকাদের দেখতে চান বাশার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম   (ভিজিট : ০)

নানা অনিয়ম আর পারিশ্রমিক ইস্যুতে গেল কয়েকবছর ধরেই সমালোচনার মুখে বিপিএল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পরই তামিম ইকবাল ‘জোড়াতালি দিয়ে বিপিএল করবেন না’ বলে জানিয়েছিলেন। পরবর্তীতে বিপিএলের এবারের আসর স্থগিত করে বিসিবি।

বিরতি দিয়ে ভালোভাবে বিপিএল আয়োজন করার কথা চললেও বড় ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় দেখতে চান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘যদি সময় নিয়ে আমরা ভালোভাবে করতে পারি, প্লেয়াররা ভালো খেলবেন, খেলা ভালো হবে। আগে কিন্তু বিপিএলে অনেক বড় বড় প্লেয়ার আসতেন। সেগুলো অনেক ভালো হতো, এখন হচ্ছে না যে এমন না। তবে আমি চাই তারা আবার ফিরে আসুক। তাহলে আরও প্লেয়ার আমরা দেখতে পারব। যথেষ্ট খেলা আছে সামনে, আমরা প্লেয়ার খুঁজে নিতে পারব।’

বাশারের চাওয়া– সব বিতর্ক ছাপিয়ে বিপিএল একটা ব্র্যান্ড হয়ে উঠুক, ‘একটা কাঠামোর মধ্যে হওয়া জরুরি। প্রতিবার বিপিএল নিয়ে যেসব কথা হয় আমাদের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য আসলে ভালো ব্র্যান্ডিং হয় না। এটা দেখতে ভালো লাগে না। আমিও চাই বিপিএল ভালোভাবে হোক, সব দলের ব্র্যান্ড তৈরি হোক। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ সব জায়গায় আছে। আমাদের হয়নি।’

বিপিএল না হলেও খেলোয়াড় উঠে আসায় নতুন প্রতিযোগিতার সম্ভাবনাও দেখছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘আশা করি সমস্যা হবে না। ২০২৮ বিশ্বকাপের আগে আশা করি কিছু না কিছু খেলবই। হয়তো একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেখানে অনেক খেলা হবে, প্লেয়ারদের আশা করি খুঁজে বের করতে পারব। বিপিএলে প্লেয়ারদের আর্থিক সুবিধা থাকে আমরাও প্লেয়ার দেখতে পারি।’


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ