প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১:৫৫ পিএম (ভিজিট : ০)

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
ফ্যাসিস্ট সরকার বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্ষেত্রে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ খাতকে চুরির ভান্ডারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, সরকার গঠনের পর এখন সেই বাস্তবতা মোকাবিলা করতে হচ্ছে।
রোববার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইরান, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ সমস্যার মুখোমুখি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন এবং বিষয়টি দেখভাল করছেন। জাতির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। সরকার এ পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করছে। আশা করা হচ্ছে, শিগগিরই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ করা সম্ভব হবে।
মৎস্য খাত নিয়ে তিনি বলেন, মাছ নিরাপদ আমিষের অন্যতম উৎস। বর্তমান সরকার নদী ও খাল খননের মাধ্যমে মাছ উৎপাদনের সুযোগ তৈরি করেছে। নদীর পাড়ে গাছের পাশাপাশি বিন্যা ঘাস রোপণ করা হবে।
সারের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ের ডিলাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। যারা সার নিয়ে সংকট তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে ডিলার নিয়োগের কথাও জানানো হয়েছে।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই