সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৪:২৪ পিএম (ভিজিট : ৩)

দীর্ঘদিনের শাসনের পতনের পর এবার মৃত্যুদণ্ডের মুখোমুখি হলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গৃহযুদ্ধের সময় হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি আদালত। একই রায়ে তার ভাই মাহের আল-আসাদ এবং ঘনিষ্ঠ সহযোগী আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ( ১১ আগস্ট ) দেওয়া এ রায়ে বাশার ও মাহেরকে তাদের অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করা হয়। দুজনই বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তবে আদালতে উপস্থিত ছিলেন আতেফ নাজিব। রায় ঘোষণার সময় তাকে কয়েদির পোশাকে দেখা যায়।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর ব্যাপক দমন-পীড়ন চালায় তৎকালীন সরকার। ওই সময় দেরায় রাজনৈতিক নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাজিব। আদালতের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ১৫ বছরের কম বয়সী শিশুদের পরিকল্পিতভাবে হত্যা এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর অভিযোগ প্রমাণিত হয়েছে।
গত বছরের জানুয়ারিতে নাজিবকে আটক করে সিরীয় কর্তৃপক্ষ।
অন্যদিকে বাশার আল-আসাদ প্রায় ২৪ বছর সিরিয়া শাসন করেন। ২০১১ সালে শুরু হওয়া গণআন্দোলন শেষ পর্যন্ত ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নেয়। দীর্ঘ সংঘাতের পর ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে ব্যক্তিগত উড়োজাহাজে দামেস্ক ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন বাশার। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার দীর্ঘ শাসনের।
ডেল্টা টাইমস/ আরএফ