নগদে বইয়ের মেলা, কর্মীদের জন্য থাকছে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞান ও প্রযুক্তি

কর্মীদের বই পড়ায় উৎসাহিত করতে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

2026-08-10T19:13:22+06:00
2026-08-10T19:13:22+06:00
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

নগদে বইয়ের মেলা, কর্মীদের জন্য থাকছে বিশেষ ছাড়
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ৪)

কর্মীদের বই পড়ায় উৎসাহিত করতে দুই দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। প্রথমা ডটকমের সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘নগদ-প্রথমা বইবন্ধন’ শীর্ষক এ বইমেলা আজ সোমবার ( ১০ আগস্ট) থেকে রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সাজ্জাদ শরিফ বলেন, ‘বর্তমানে মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। অথচ পড়ালেখা ও শিক্ষার মাধ্যমেই একটি সমাজ এগিয়ে যায়। সময় বদলালেও পড়া ও জানার কোনো বিকল্প নেই। একটি জাতি ভালো করতে পারে একমাত্র জ্ঞানচর্চা ও পড়াশোনার মাধ্যমেই।’

তিনি নগদ ও প্রথমার মধ্যকার সম্পর্ক আরও কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগদের কর্মীদের বই পড়ায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন,‘ ছোটবেলা থেকেই তিনি বই পড়তে অভ্যস্ত। তবে শুধু বই পড়াই নয়, বই থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করাও জরুরি। বর্তমানে অনেকের মধ্যেই বই পড়ার অভ্যাস কমে গেছে। করপোরেট জীবনের ব্যস্ততা ও একঘেয়েমির মধ্যে এ ধরনের আয়োজন কর্মীদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করবে বলে তিনি মনে করেন।’

‘নগদ-প্রথমা বইবন্ধন’ মেলায় প্রথমা থেকে প্রকাশিত সব দেশি বই নগদের কর্মীরা ২০ শতাংশ ছাড়ে কিনতে পারবেন। বিদেশি বইয়ে থাকছে ৫ শতাংশ ছাড়। পাশাপাশি নগদের বাংলা কিউআর কোডের মাধ্যমে মূল্য পরিশোধ করলে পাওয়া যাবে আরও ৫ শতাংশ অতিরিক্ত ছাড়।

নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নগদের হিউম্যান রিসোর্সেস ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে দুই দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়েছে।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে নগদ ও প্রথমা ডটকম একই ধরনের বইমেলার আয়োজন করেছিল। সেবারও নগদের কর্মীদের মধ্যে এ আয়োজন ব্যাপক সাড়া ফেলেছিল।

ডেল্টা টাইমস/ আরএফ 








  এই ক্যাটেগরির আরো সংবাদ