প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সাক্ষাতেই আশাবাদের সুর শোনা গেল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কণ্ঠে। আজ সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরেন উচ্ছ্বসিত ভাষায়।সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি খুবই আনন্দিত যে, উনার সঙ্গে আমার দেখা হলো। প্রথম দেখা হওয়ার পর আমার মনেই হয়নি যে, প্রথমবার আমি উনার সঙ্গে দেখা করছি। খুবই ভালো, খুবই হাম্বল অন দ্য গ্রাউন্ড। আলোচনা হবে পিপল টু পিপল। খুবই ভালো আলোচনা হলো। আমরা আশাবাদী। আমাদের আমন্ত্রণ তো আগে থেকেই আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে, পিপল অব ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড।’
এ সময় দ্বিপক্ষীয় সম্পর্কের নানা জটিলতা নিয়ে প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী সুরে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ইস্যু না থাকলে তো গণতন্ত্র থাকবে না। ইস্যু তো বাড়িতেও থাকে। আমি যখন বাড়ি যাই, বাড়িতেও থাকে। এমন কোনো ইস্যু নেই, যা আমরা সমাধান করতে পারি না। এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি।’
এর আগে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করতে নয়াদিল্লির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদেরও ভারতের কাছ থেকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসব ইস্যুতে সহযোগিতা প্রত্যাশার কথা জানিয়েছে সরকার।
তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যেসব বিষয় অগ্রাধিকার পেয়েছে, তার মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি ছিল অন্যতম।’
উল্লেখ্য, গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে ঢাকায় ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। গত ৫ জুন তিনি পশ্চিমবঙ্গের স্থলসীমান্ত দিয়ে ঢাকায় আসেন। এর আগে রোববার (৯ আগস্ট) তিনি সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে। সোমবারের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
ডেল্টা টাইমস/ আরএফ