ইনসুলিন-ওষুধও লাগেজে, রোমে বিমানের যাত্রীদের ২৮ ঘণ্টার দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম (ভিজিট : ৩)

প্রতীকী ছবি
যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ২৮ ঘণ্টার বেশি সময় ধরে ইতালির রোম বিমানবন্দরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়েনি। দীর্ঘ অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক যাত্রী। জায়গার সংকটে কেউ কেউ বিমানবন্দরের মেঝেতেই রাত কাটিয়েছেন।
ফ্লাইটটিতে ২৬০ জন যাত্রী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী। ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে নিয়ে হোটেলে রাখার সুযোগ হয়নি। শুক্রবার রাতে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও অতিরিক্ত যাত্রীর কারণে সেখানে সবার জায়গা হয়নি। ফলে অনেকে বিমানবন্দরের বিভিন্ন কোণে বসে বা শুয়ে রাত কাটান।
এ বিষয়ে যাত্রী মো. আবু সাঈদ জানান, যান্ত্রিক ত্রুটির কথা বলে তাদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। এতে শিশু ও বয়স্ক অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হলেও বাংলাদেশি যাত্রীরা হোটেলে যেতে পারেননি। তার অভিযোগ, সারা রাত মেঝেতে কাটানোর পর রাত ১১টার দিকে লাউঞ্জের ব্যবস্থা করা হয়।
আরেক যাত্রী জানান, ফ্লাইটে অনেক ডায়াবেটিক রোগী ছিলেন। লাগেজ বিমানের ভেতরে থাকায় তাদের প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন নেওয়াতেও সমস্যা হয়েছে। শিশুরাও খাবার ও বিশ্রামের অভাবে অসুস্থ হয়ে পড়ছে। যাত্রীদের অভিযোগ, নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর সকালের নাশতা দেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের খাবার ও থাকার ব্যবস্থা করার কথা বলা হলেও যাত্রীরা বলছেন, বাস্তবে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এদিকে ত্রুটি সারাতে প্রকৌশলীদের একটি দল শুক্রবার দুপুরে রোমের উদ্দেশে রওনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি ঠিক হলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়তে পারে। সে ক্ষেত্রে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলেও যাত্রীদের প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরে অপেক্ষা করতে হবে।
ডেল্টা টাইমস/ আরএফ