পুলিশকে দুর্বল করতে পরিকল্পিত অপতৎপরতা চলছে

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

পুলিশ বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির

2026-08-09T17:15:33+06:00
2026-08-09T17:17:19+06:00
রবিবার, ০৯ আগস্ট, ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি
পুলিশকে দুর্বল করতে পরিকল্পিত অপতৎপরতা চলছে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৫:১৫ পিএম  আপডেট: ০৯.০৮.২০২৬ ৫:১৭ পিএম  (ভিজিট : ৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুলিশ বাহিনীকে দুর্বল ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, জুলাই গণ-অভ্যুত্থানের পর ভঙ্গুর হয়ে পড়া পুলিশের মনোবল যখন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে এবং সদস্যরা নতুন উদ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার দায়িত্ব পালন করছেন, তখনই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সই করা বিবৃতিতে বলা হয়, পুলিশের ভেতরে ও বাইরে থাকা একটি স্বার্থান্বেষী মহল দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ও নামধারী সাংবাদিকদের কাছে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করছে।

বিবৃতিতে বলা হয়, এসব তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যথাযথভাবে যাচাই না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত ও মনগড়া গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে পুলিশের মনোবল ও পেশাগত সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চলছে বলে মনে করছে সংগঠনটি।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিযোগ, পলাতক ও জনবিচ্ছিন্ন ‘ফ্যাসিস্ট শক্তি’ এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপতৎপরতায় জড়িত। তাদের সরবরাহ করা তথ্য যাচাই না করেই কথিত সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো প্রচার করছেন।

সংগঠনটির ভাষ্য, শুরুতে এসব প্রচারণা ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে চালানো হলেও বর্তমানে তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচারে রূপ নিয়েছে। এমনকি বাহিনীর প্রধানকেও এ ধরনের প্রচারণার লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মনোবল ও পেশাগত সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় অপতথ্য, গুজব ও কুৎসামূলক প্রচারণার মাধ্যমে পুলিশ বাহিনীকে দুর্বল করার চেষ্টা হলে তার প্রভাব শুধু বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; রাষ্ট্র, জনগণ এবং একটি স্বাভাবিক, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বলেছে, ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীগত স্বার্থ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি সুশৃঙ্খল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে দায়িত্বহীন ও অনৈতিক প্রচারণা কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতা বা মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে না।

এ ধরনের কর্মকাণ্ড পেশাগত নৈতিকতা, রাষ্ট্রীয় স্বার্থ এবং একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সংগঠনটি এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে রাষ্ট্র, জনগণ ও পুলিশ বাহিনীর স্বার্থে এ ধরনের অপতৎপরতায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও কর্মকাণ্ড যথাযথভাবে শনাক্ত করে প্রচলিত আইন, বিধি ও সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি পুলিশের ভাবমূর্তি বিনষ্ট এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

ডেল্টা টাইমস/ আরএফ 










  এই ক্যাটেগরির আরো সংবাদ