প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৪:০৬ পিএম (ভিজিট : ১৩)

ছবি: ডেল্টা টাইমস
ঢালিউডের পর্দায় একসময় খলনায়কের চরিত্রে দেখা যেত যার উন্মাদনা, সেই অভিনেতা ডন হক এবার বাস্তবে হয়ে গেলেন খলনায়ক। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পুলিশের হেফাজতে তিনি। আজ রোববার (৯ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ‘বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটির তদন্ত করছে সিআইডি। ডন হককে আটকের পর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।’
উল্লেখ্য, ১৯৯৬ সালে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশের চলচ্চিত্রাঙ্গন। এরপর কেটে গেছে প্রায় তিন দশক। দীর্ঘ এই সময়ে তার মৃত্যুর কারণ নিয়ে নানা প্রশ্ন, আলোচনা ও বিতর্ক থাকলেও নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তার পরিবার ও ভক্তদের একটি অংশ।
বিভিন্ন সময়ে একাধিক সংস্থা এ ঘটনা তদন্ত করে। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যাজনিত বলে উল্লেখ করে। তবে সেই সিদ্ধান্ত মেনে নেয়নি তার পরিবার ও ভক্তদের একটি অংশ। বরং শুরু থেকেই তারা দাবি করে আসছিলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি; তাকে হত্যা করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।
ডেল্টা টাইমস/ আরএফ