আইনি জটিলতা যেন কাটছেই না রাজপালের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম (ভিজিট : ৬)

বলিউড অভিনেতা রাজপাল যাদবের জীবনে আর্থিক সংকটের এক কালো মেঘ ভিড় জমিয়েছে চলতি বছরের শুরু থেকেই একের পর এক আইনি ও আর্থিক জটিলতায় বিপর্যস্ত এই কৌতুক অভিনেতা। চেক বাউন্সের পুরনো মামলা মীমাংসা না হতেই এবার তার সামনে এসেছে আরও বড় আঘাত পৈতৃক ভিটেমাটি হারানোর চরম আশঙ্কা।
৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় রাজপালকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। বকেয়া অর্থ পরিশোধ না করায় নতুন করে বড় ধরনের বিপাকে পড়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সময়মতো পাওনা না পরিশোধ করতে না পারলে তার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের পৈতৃক বাড়িটি নিলামে তুলতে যাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইতোমধ্যে সেই বাড়ির সামনে নিলামের আইনি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ভিটেটির মালিকানা চূড়ান্তভাবে চলে যাবে ব্যাংকের হাতে। এর আগে ৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টানা ১১ দিন তিহার জেলে বন্দি থাকতে হয়েছিল এই অভিনেতাকে।
পরবর্তীতে আদালতের কঠোর কিছু শর্তসাপেক্ষে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। তবে অভিযোগ ওঠে, জামিনের সেসব শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন রাজপাল। ফলে গত জুলাই মাসে উচ্চ আদালত পুনরায় তাকে তিন মাসের নতুন কারাদণ্ড প্রদান করেন।
আইনি লড়াইয়ের এই কঠিন পরিস্থিতির মাঝেই যোগ হয়েছে নতুন দেনার বোঝা। মুম্বাইয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরী দেবীর নামে ১৬.৬১ কোটি টাকার একটি বড় অঙ্কের ঋণ নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই অর্থ পরিশোধ করতে পারেননি তারা।
প্রসঙ্গত, রাজপালের বাড়ি নিলামে ওঠার ঘটনা এবারই প্রথম নয়। ইতোপূর্বে একবার পৈতৃক ভিটে নিলামের উপক্রম হলে তিনি ব্যাংকের সঙ্গে আলোচনা ও দরকষাকষির মাধ্যমে বিষয়টি সাময়িকভাবে সমাধান করেছিলেন। কিন্তু পরবর্তীতে ব্যাংকের ধার্য করা সময়সীমা পার হয়ে গেলেও পুরো বকেয়া শোধ করতে পারেননি অভিনেতা। যার ফলশ্রুতিতে বাধ্য হয়েই ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় সম্পত্তি নিলামের নোটিশ জারি করেছে।
ডেল্টা টাইমস/সিআর/এমই