প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ৪)

ভারতের মাটিতে আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ। সরকারের আশঙ্কা, ভারতের ভূখণ্ড ব্যবহার করে তার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনার অংশ নেওয়ার খবর বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট হওয়া প্রয়োজন বলে বাংলাদেশ মনে করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর কী প্রভাব ফেলতে পারে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ আগস্ট নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যুক্ত হবেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক (মেরিটাইম) নিরাপত্তা সহযোগিতার অংশ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের সহযোগিতা জোরদারের উদ্যোগের ধারাবাহিকতা।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেসব চুক্তি দেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে।