প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিট : ৬)

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর : ফাইল ছবি
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধীদলীয় নেতারা এখন যে ভাষায় কথা বলছেন—"৫ বছর ক্ষমতায় থাকতে দেব না"—ঠিক এই ভাষাতেই একসময় কথা বলতেন শেখ হাসিনা।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেওয়া হবে না। বর্তমান বিরোধীদলীয় নেতারাও ঠিক একই ভাষায় কথা বলতে শুরু করেছেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন কথা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে, যা জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা। বিএনপি যেখানে দ্বিমত পোষণ করেছে, তা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বিএনপি পালন করবে।
তিনি বলেন, রাজপথে বিরোধীদলীয় নেতারা যে ভাষায় কথা বলছেন, তা যথাযথ নয়। আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু তা যেন সংঘাতের দিকে গড়িয়ে না যায়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ অবস্থায় সরকারকে সহযোগিতা না করে শুধু নেতিবাচক প্রচারণা চালালে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। দেশের স্বার্থে প্রয়োজন সংঘাত নয়, বরং সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলা।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। পাশাপাশি বেকার সাংবাদিকদের কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।