জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ‘ব্যবসা’ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেল্টা টাইমস ডেস্ক:

জাতীয়

জুলাই আন্দোলনের চেতনাকে কোনো একক দল বা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা ব্যবসা না করার জন্য সবার প্রতি

2026-07-15T19:12:57+06:00
2026-07-15T19:12:57+06:00
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩

জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ‘ব্যবসা’ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ১০)

জুলাই আন্দোলনের চেতনাকে কোনো একক দল বা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা ব্যবসা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই জুলাই বিপ্লবের কৃতিত্ব কারও একার নয়।


বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের সাধারণ মানুষ বুক পেতে দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কৃতিত্ব কেবল তাদেরই। স্বৈরাচারের পরিণতি কেমন হয়, তা ভবিষ্যৎ সরকারগুলো যেন শিক্ষা নিতে পারে, সে জন্য গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরিত করা হচ্ছে।


তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে ‘জাতীয় জুলাই সনদ’ সই করেছে। এই সনদ অনুযায়ী সংবিধান ও অন্যান্য আইন-কানুনের প্রয়োজনীয় সংস্কার সাধন করাই আমাদের অঙ্গীকার।


ফ্যাসিবাদের যেকোনো ধরনের প্রত্যাবর্তন ও ষড়যন্ত্র রুখতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গড়ে ওঠা জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় ও অটুট রাখার আহ্বান জানান তিনি।


মন্ত্রী তার বক্তব্যে জুলাই বিপ্লবের প্রথম দিকের স্মৃতিচারণ করে বলেন, ‘‘১৫ জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ এবং ‘কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ স্লোগানে ইতিহাসের গতিপথ বদলে যাচ্ছিল, তখন আমি নির্বাসনে থেকেও পূর্ণ মনোযোগ ও সহযোগিতা নিয়ে এই আন্দোলনের সঙ্গে ছিলাম।’’


দেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু তা রক্ষা করা কঠিন। স্বৈরাচারী শক্তি যেন আর কখনো এ দেশের গণতন্ত্রকে পদদলিত করতে না পারে, সে জন্য রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার করতে চান তারা। এই লক্ষ্যে প্রণীত ৩১ দফার আলোকেই সাজানো হয়েছে নির্বাচনি ইশতেহার।


আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা কোনো প্রশাসনিক আদেশ বা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। তারা চান, সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাসিবাদের দোসর এই সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে, যার ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। এ ছাড়া বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবেও বিচারের স্পষ্ট বিধান রয়েছে।











  এই ক্যাটেগরির আরো সংবাদ