রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে ৫ শিক্ষার্থী নিহত

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্র চাপা পড়ে পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

2026-07-08T16:45:19+06:00
2026-07-08T16:45:19+06:00
বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

ধ্বংসস্তূপে আটকা বহু শিশু
রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় পাহাড়ধসে ৫ শিক্ষার্থী নিহত
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে একটি মাদ্রাসা ও হিফজ কেন্দ্র চাপা পড়ে পাঁচ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৪০ শিশু আটকা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকেরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।


বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। টানা ভারী বর্ষণের মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে পাশের মাদ্রাসা ও হিফজ কেন্দ্রের ওপর।


উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এর আগে গত রোববার (৫ জুলাই) টানা ভারী বর্ষণে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৃথক তিনটি পাহাড়ধসে নারী ও শিশুসহ আটজন রোহিঙ্গার মৃত্যু হয়। এতে আহত হন অন্তত ১০ জন। রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে বালুখালী, জামতলী ও কুতুপালং আশ্রয়শিবিরে এসব দুর্ঘটনা ঘটে।


সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি-১১ ব্লকে, যেখানে পাহাড়ধসে একই পরিবারের চারজন নিহত হন। তাঁরা হলেন আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা (২৭), তাঁর বোন তানজিনা আক্তার (১৩), উম্মে হাবিবার ছেলে মোহাম্মদ রিহান (৫) এবং হারুনুর রশিদ (৩)। এ ঘটনায় আরও একজন আহত হন।


একই রাতে উখিয়ার ১৫ নম্বর জামতলী আশ্রয়শিবিরের ডি-৬ ব্লকে পাহাড়ধসে নিহত হন মোহাম্মদ কামাল হোসাইন (৪৪), তাঁর স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং তাঁদের চার বছর বয়সী ছেলে মোহাম্মদ আনাস। পরিবারের আরও দুই সদস্য আহত হন।


এছাড়া রাত ২টার দিকে কুতুপালং ৭ নম্বর আশ্রয়শিবিরের ডি-৭ ব্লকে পাহাড়ধসে একরাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।


জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভূমিধসে অন্তত ২৮ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। শুধু ২০২৪ সালেই এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন।










  এই ক্যাটেগরির আরো সংবাদ