
সংগৃহীত ছবি
ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় গরুবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার সদর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে পিকআপ চালক খোকন মিয়া (৩৯), একই উপজেলার কুনদাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুরশিদ উদ্দিন (৬০)। আহতরা হলেন বাসচালক শিবপুর ইটাখলা এলাকার মান্নান সরকার (৫০) ও চালকের সহযোগী একই এলাকার আমান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল সোয়া তিনটার দিকে কিশোরগঞ্জ থেকে একটি গরুবোঝাই পিকআপ নরসিংদীর দিকে যাচ্ছিল। অন্যদিকে যাত্রীবাহী অনন্যা ক্লাসিকের একটি বাস ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার সুখিয়া বাজার এলাকায় পৌঁছালে পিকআপ ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপচালকসহ তিনজন নিহত হন।
এ সময় পিকআপে থাকা গরুগুলোর মধ্যে ছয়টি মারা যায়। এ ছাড়া অনন্যা ক্লাসিকের চালকসহ তাঁর সহযোগী গুরুতর আহত হন। এতে বাস ও পিকআপ দুটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুবোঝাই পিকআপ থেকে চালকসহ নিহত তিনজনের দেহ উদ্ধার করা হয়। বাসের চালকসহ আহত দুজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।