ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ

ডেল্টা টাইমস ডেস্ক:

সারাদেশ

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা

2026-07-07T11:03:50+06:00
2026-07-07T11:03:50+06:00
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

ভারী বৃষ্টির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:০৩ এএম   (ভিজিট : ১০)

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আজ মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতকাল সোমবার রাতে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াজনিত এই পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জরুরি বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে প্রবল বর্ষণে থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে সোমবার একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছু ফসলহানি হয়েছে এবং ঘরবাড়ি ডুবে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক ভারী বৃষ্টিপাতসংক্রান্ত এক সতর্কবার্তায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে রোববার (৫ জুলাই) থেকে আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ