নতুন ভোরের প্রত্যাশায়

আমজাদ হোসেন হৃদয়

মতামত

আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে বিদায় নিলো ২০২০ সাল! ২০২০ সালে সবচেয়ে বেশি আলোচিত শব্দ মরণব্যাধি করোনাভাইরাস।

2020-12-31T20:24:37+06:00
2020-12-31T20:24:37+06:00
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

নতুন ভোরের প্রত্যাশায়
আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০, ৮:২৪ পিএম   (ভিজিট : ৯২৩)
আতঙ্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে বিদায় নিলো ২০২০ সাল! ২০২০ সালে সবচেয়ে বেশি আলোচিত শব্দ মরণব্যাধি করোনাভাইরাস। বিশ্বজুড়ে ৮ কোটির মাইলফলক ছাড়ালো করোনা সংক্রমণ। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। বেশ কয়েকটি দেশে দ্বিতীয় ঢেউ লেগেছে কোভিড ১৯-এর। সবমিলে কাটেনি সংশয় তবুও সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে হাজির হওয়া নতুন বছরের সূর্যকেও স্বাগত জানাতে হবে, প্রত্যাশা রাখতে হবে নতুন ভোরের।

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশকে বছরের শুরুতেই হতবাক করে দেয় মহামারি করোনা ভাইরাস। আমরা হারিয়েছি অনেক গুণীজনকে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এদেশের পাঁচ লাখেরও বেশি মানুষ। থমকে গেছে দেশের মানুষের জীবনমান, হুমকির মুখে পড়ে শিক্ষাব্যবস্থাসহ সকল ক্ষেত্র। যার ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের বেশ বেগ পেতে হবে। বিশেষ করে গত ১৭ মার্চ বন্ধ হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খোলা সম্ভব হচ্ছে না, শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। করোনা ভাইরাসের সংশয় কাটছে না এখনো, সচেতনতাই একমাত্র সঙ্গী। ভ্যাকসিন আবিস্কার হলেও বাংলাদেশে কবে নাগাদ আসছে তারও নেই ইয়ত্তা।
আমজাদ হোসেন হৃদয়

আমজাদ হোসেন হৃদয়


মহামারি করোনার সাথে আরেক মহামারি ধর্ষণও যেন মাথাচাড়া দিয়ে উঠছিল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ বছরজুড়ে কয়েকটি ধর্ষণের ঘটনায় বিক্ষুব্ধ হয়েছে মানুষ, ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হয়েছে। এরই মধ্যে মেজর সিনহা হত্যাকাণ্ড ছিল দেশের জন্য আরও একটি ন্যাক্কারজনক ঘটনা। তাছাড়াও বছরের শেষদিকে ভাস্কর্য বিতর্কও ছিল আলোচনার শীর্ষে। করোনা ভাইরাসের কারণে যথাযথভাবে উদযাপিত হয়নি মুজিববর্ষও। সবমিলে ২০২০ সাল ছিল নেতিবাচক সব খবর ঘিরে।

২০২০ সালের অন্যতম ইতিবাচক খবর নিজস্ব অর্থায়নে সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করছে বাংলাদেশ। যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক। আরও একটি ইতিবাচক দিক হলো, করোনাভাইরাসের কারণে সব খাতে নেতিবাচক প্রভাব পরলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ইতিবাচক। অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রাথমিক এই তথ্য প্রকাশ করেছে। তবে বছরটিতে নেতিবাচকের দিকের তুলনায় ইতিবাচক দিক নিতান্তই কম।

তবে ভ্যাকসিন চলে আসায় করোনা ভাইরাস সঙ্কট থেকে পরিত্রাণের একটা আশাবাদ তৈরি হয়েছে। যত শীঘ্রই পারা যায় ভ্যাকসিনটি দেশের মানুষের নাগালে নিয়ে আসতে হবে, পাশাপাশি সচেতনতাও বজায় রাখতে হবে। করোনার কারণে শিক্ষাক্ষেত্রসহ যেসব ক্ষেত্র পিছিয়ে পড়ছে, কার্যকর পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সেসব ক্ষেত্রের দিকে বিশেষ নজর দিতে হবে।

করোনা ভাইরাসসহ সকল প্রকার অশুভ শক্তি, হতাশা ও বঞ্চনার গ্লানিকে পেছনে ফেলে নতুন বছর শুরু হোক ভালো কিছু প্রাপ্তির স্বপ্ন নিয়ে, এটাই আমাদের প্রত্যাশা।

আমজাদ হোসেন হৃদয়
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়



ডেল্টা টাইমস্/আমজাদ হোসেন হৃদয়/সিআর/জেড এইচ









  এই ক্যাটেগরির আরো সংবাদ