রোহিঙ্গা সংকট সমাধানে আইসিজের ঐতিহাসিক রায়

ব্রি. জে. (অব.) হাসান মো. শামসুদ্দীন:

মতামত

মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে ব্যাপক

2026-11-29T16:40:30+06:00
2026-11-29T17:14:52+06:00
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতিত জনগোষ্ঠীর আন্তর্জাতিক স্বীকৃতি
রোহিঙ্গা সংকট সমাধানে আইসিজের ঐতিহাসিক রায়
ব্রি. জে. (অব.) হাসান মো. শামসুদ্দীন:
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৫:১৪ পিএম  (ভিজিট : ১৮)

মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংস সামরিক অভিযান শুরু করে। এ অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রাণভয়ে সাত লাখের বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। জাতিসংঘের অনুসন্ধানী মিশন এ পরিস্থিতিকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে বর্ণনা করে। অন্যদিকে, ২০২২ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়।

দীর্ঘদিন ধরে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্যাতন ও নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছিল। রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার বিষয়টিকেও তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে।

আইসিজেতে গাম্বিয়ার মামলা ও বিচারিক প্রক্রিয়া
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা সনদের লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করে। মামলায় ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের দায়বদ্ধতা নির্ধারণের আবেদন জানানো হয়।

মিয়ানমার এ অভিযোগের বিরোধিতা করে এবং আদালতের এখতিয়ার ও গাম্বিয়ার আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রাথমিক আপত্তি উত্থাপন করে। ২০২২ সালে আইসিজে মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো খারিজ করে মামলাটির বিচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়।

এর আগে ২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশনায় মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধ, গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণ এবং আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তী সময়ে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্যসহ মোট ১১টি রাষ্ট্র মামলায় হস্তক্ষেপ করে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে এসব রাষ্ট্রের হস্তক্ষেপের আবেদন আদালত গ্রহণ করে।

দীর্ঘ সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৬ সালের ১৯ নভেম্বর আইসিজে মামলাটির চূড়ান্ত রায় ঘোষণা করে। আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে দায়ী সাব্যস্ত করে। এটি আন্তর্জাতিক বিচারব্যবস্থা ও গণহত্যা প্রতিরোধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আইসিজের রায়ের মূল বিষয়গুলো
আইসিজে তার রায়ে ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এর সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে বলে সিদ্ধান্ত দেয়।
আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয় এবং গণহত্যা সনদের আওতায় তাদের সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং গোষ্ঠীটির মধ্যে জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল।

আদালত ২০১৭ সালের অভিযানে অন্তত ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার তথ্য প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করে। এ সময় ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর নির্যাতন এবং গ্রাম ধ্বংসের ঘটনাও বিচারিক বিবেচনায় আসে।

এ ছাড়া আদালত ২০২০ সালের ২৩ জানুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার অভিযোগসংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণে মিয়ানমারের ব্যর্থতাকেও নির্দেশ লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে।

রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের বাধ্যবাধকতা কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন, অভিযুক্ত ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন হলে বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আদালত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারগুলোর পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের জন্য পুনঃপ্রতিষ্ঠামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে পূরণ করা সম্ভব নয়—এমন ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও নির্ধারণ করেছে।

তবে ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি পরবর্তী বিচারিক পর্যায়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে মিয়ানমারকে রায় ঘোষণার দুই বছরের মধ্যে গৃহীত পুনঃপ্রতিষ্ঠামূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। এ দুই বছরকে প্রত্যাবাসন সম্পন্ন করার সময়সীমা হিসেবে বিবেচনা করা যাবে না।

মিয়ানমারের প্রতিক্রিয়া
রায়ের পর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ নভেম্বর ২০২৬ এক বিবৃতিতে হতাশা প্রকাশ করে। তাদের বক্তব্য অনুযায়ী, আদালতের ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে এবং ৬ জন বিপক্ষে অবস্থান নিয়েছেন। মিয়ানমার রায়ের বিরোধিতা করে এবং আদালতের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায়।

মিয়ানমার আরও জানায়, পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখা হবে। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমও চালিয়ে যাওয়ার কথা জানায় দেশটি।

এর আগে ২০২৬ সালের আগস্টে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে আশ্রিত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করা হয়েছে। তবে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে তারা উল্লেখ করে।

এখানে উল্লেখ্য, মিয়ানমারের এই যাচাই-বাছাইয়ের তথ্য তাদের নিজস্ব প্রশাসনিক দাবি। এটি প্রত্যাবাসনের নিশ্চয়তা কিংবা রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি নয়। ফলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের বিষয়গুলো নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

রোহিঙ্গারা কী পেল?
আইসিজের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য একটি ঐতিহাসিক ও নৈতিক বিজয়। দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা যে নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড ও বাস্তুচ্যুতির শিকার হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে তার গুরুত্বপূর্ণ বিচারিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে।

আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের মিয়ানমারে প্রজন্মের পর প্রজন্ম বসবাসের ঐতিহাসিক বাস্তবতাও বিচারিক বিবেচনায় এসেছে। তবে এ স্বীকৃতি স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব প্রদান করে না। নাগরিকত্ব, রাজনৈতিক অধিকার ও সমান মর্যাদা নিশ্চিত করার বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ দাবি হিসেবে রয়ে গেছে।

এই রায়ের ফলে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠী, মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায় যেসব নির্যাতনের অভিযোগ তুলে আসছিল, সেগুলোর একটি বড় অংশ আদালতের বিচারিক সিদ্ধান্তে প্রতিষ্ঠিত হয়েছে।

এখন এই স্বীকৃতিকে রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে কাজে লাগাতে হবে। রোহিঙ্গা সম্প্রদায়, বিভিন্ন সংগঠন এবং প্রবাসী নেটওয়ার্কগুলোকে সম্মিলিতভাবে এ রায়ের গুরুত্ব আন্তর্জাতিক মহলে তুলে ধরতে হবে। একই সঙ্গে মিয়ানমারের ওপর রায় বাস্তবায়নের চাপ অব্যাহত রাখতে হবে।

রায় বাস্তবায়নে কাদের অংশগ্রহণ প্রয়োজন?
মিয়ানমারে রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে দেশটির সামরিক বাহিনী, সামরিক-সমর্থিত প্রশাসন, আরাকান আর্মি, নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এবং বিভিন্ন জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

রাখাইন রাজ্যের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে আরাকান আর্মিকে উপেক্ষা করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার, চলাচলের স্বাধীনতা এবং প্রত্যাবাসনের বিষয়ে আলোচনায় তাদের সম্পৃক্ত করা প্রয়োজন।

মিয়ানমারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইসিজের রায় বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। একই সঙ্গে বিভিন্ন জাতিগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিদেরও রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও মানবাধিকার সংগঠন মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিবসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা এ রায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে অভিহিত করেছেন।

রোহিঙ্গাদের প্রস্তুতি ও অংশগ্রহণ
রোহিঙ্গাদের ভবিষ্যৎ জীবন পুনর্গঠনে মানবিক সহায়তার পাশাপাশি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশে অবস্থানকালীন এবং ভবিষ্যতে মিয়ানমারে ফিরে যাওয়ার পর যেন তাঁরা মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

রোহিঙ্গাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁদের মতামত, প্রত্যাশা ও নিরাপত্তার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোহিঙ্গাদের অর্থবহ অংশগ্রহণ ছাড়া তাদের ভবিষ্যৎ পুনর্গঠন সম্ভব নয়।

উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্যও বিনিয়োগ বাড়াতে হবে। রোহিঙ্গা প্রতিনিধিদের আন্তর্জাতিক আলোচনায় আরও দৃশ্যমান ও সুসংগঠিত হতে হবে।

আইসিজের রায় রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে। নাগরিকত্ব, রাজনৈতিক স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবিগুলো আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।

একই সঙ্গে প্রবাসী রোহিঙ্গা সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন, মানবাধিকার সংগঠন ও গবেষণা নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো যথাযথভাবে নথিভুক্ত করে মিয়ানমারের জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশের করণীয় 
আইসিজের এই রায় বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ সৃষ্টি করেছে। রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ আদায় এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশকে আরও জোরালোভাবে কাজ করতে হবে।  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ, ওআইসি এবং আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়াতে হবে। এ ক্ষেত্রে একটি সমন্বিত আন্তর্জাতিক কৌশল গ্রহণ করা জরুরি।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত জাতীয় কমিটির উদ্যোগে যে কৌশলপত্র তৈরির কার্যক্রম চলছে, সেখানে আইসিজের রায়ের বাস্তবায়ন, ক্ষতিপূরণ, প্রত্যাবাসন এবং দীর্ঘমেয়াদি মানবিক সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এই রায় বাংলাদেশের মানবিক অবস্থান ও দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টাকে আন্তর্জাতিকভাবে আরও শক্তিশালী করার সুযোগ দিয়েছে। তবে শুধু আইনি বিজয় দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। এর জন্য প্রয়োজন কার্যকর কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং মিয়ানমারের ওপর ধারাবাহিক চাপ।

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়া উদ্বেগজনক। উন্নয়ন সহযোগীদের স্বল্পমেয়াদি ও বিচ্ছিন্ন সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদি, পরিকল্পিত ও উন্নয়নমুখী অর্থায়ন নিশ্চিত করতে হবে। এ সহায়তা অনুদানভিত্তিক হওয়া উচিত। মিয়ানমারে সৃষ্ট সংকটের অর্থনৈতিক দায় বাংলাদেশের জনগণের ওপর ঋণের বোঝা হিসেবে চাপানো উচিত নয়।

ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশকে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা বাড়িয়ে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করতে হবে।

কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে চীন, রাশিয়া এবং মিয়ানমারের ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব রয়েছে—এমন দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কার্যকর সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। এসব দেশের সহযোগিতা ছাড়া মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা কঠিন হতে পারে।

প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও মৌলিক অধিকার নিশ্চিত করার বাস্তবসম্মত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা, কর্মসংস্থান ও পরিবেশগত সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

আইসিজের ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে রায় বাস্তবায়নের প্রধান দায়িত্ব মিয়ানমারের ওপরই বর্তায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব কোনো নির্বাহী বাহিনী নেই। ফলে রায় বাস্তবায়নে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ, সহযোগিতা এবং জাতিসংঘ সনদের আওতায় প্রয়োজনীয় পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

মিয়ানমারে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার কারণে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ এখনো তৈরি হয়নি। তাই প্রত্যাবাসনের অনুকূল পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের এ সহায়তার অর্থায়ন বাড়াতে হবে।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়েও সুস্পষ্ট অগ্রগতি প্রয়োজন।

সবশেষে বলা যায়, আইসিজের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক স্বীকৃতি প্রতিষ্ঠা করেছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এ রায়কে বাস্তব পরিবর্তনে রূপ দেওয়া। আন্তর্জাতিক সম্প্রদায়, বাংলাদেশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগই পারে এই ঐতিহাসিক রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসনের কার্যকর ভিত্তিতে পরিণত করতে।
লেখক: মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক।

ডেল্টা টাইমস/ব্রি. জে. (অব.) হাসান মো. শামসুদ্দীন/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ