একাদশ নির্বাচন, বোলিং আক্রমণের ভারসাম্যহীনতা, খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনায় ব্যর্থতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব—বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সংকটের দায় কি শুধু ক্রিকেটারদের?
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পরাজয় এখন আর বিস্ময়ের বিষয় নয়। বিস্ময়ের বিষয় হলো, প্রতিটি পরাজয়ের পর একই ব্যাখ্যা, একই আত্মসমালোচনা এবং একই প্রতিশ্রুতির পুনরাবৃত্তি। ক্রিকেটাররা বলেন, হার থেকে শিক্ষা নিতে হবে। অধিনায়ক বলেন, ভুলগুলো চিহ্নিত করে উন্নতি করতে হবে। কোচ বলেন, ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই শিক্ষা নেওয়া আর উন্নতির গল্প শেষ হবে কবে? কতটি সিরিজ হারলে, কতবার ইনিংস ব্যবধানে পরাজিত হলে এবং একই ভুলের কতবার পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশের ক্রিকেটে বাস্তব পরিবর্তন আসবে?
এক মাস আগেও বাংলাদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর কয়টি টেস্ট বাকি, কতটি জিততে হবে, কোন ম্যাচ ড্র করলেও সম্ভাবনা থাকবে—এসব হিসাব নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের পর সেই স্বপ্নে নতুন করে হাওয়া লাগে। মনে হয়েছিল, বাংলাদেশ হয়তো এবার সত্যিই টেস্ট ক্রিকেটে নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। অথচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানের পরাজয় সেই স্বপ্নের অসারতা এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রকৃত দুর্বলতা একসঙ্গে সামনে নিয়ে এসেছে।
প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট, দ্বিতীয় ইনিংসে ১৮৪। দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৭৫ রান। বিপরীতে দক্ষিণ আফ্রিকা এক ইনিংসেই করেছে ৪৯৪ রান। ব্যাটিংয়ে প্রতিরোধ নেই, বোলিংয়ে কার্যকারিতা নেই, ফিল্ডিংয়ে ধারাবাহিক ভুল। একটি আন্তর্জাতিক টেস্ট দলের কাছ থেকে এর চেয়ে হতাশাজনক পারফরম্যান্স আর কী হতে পারে?
ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্বীকার করেছেন, দলের সামর্থ্যের ঘাটতি রয়েছে। তিন বিভাগেই ভালো করতে পারেননি তাঁরা। তাঁর এই স্বীকারোক্তি বাস্তবতার প্রতিফলন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘাটতি কি সেঞ্চুরিয়ন টেস্টের পরই প্রথম চোখে পড়ল? নির্বাচক, কোচ ও টিম ম্যানেজমেন্ট কি এত দিন দলের সীমাবদ্ধতা সম্পর্কে কিছুই জানতেন না? প্রতিপক্ষের শক্তি, ভেন্যুর কন্ডিশন, খেলোয়াড়দের সামর্থ্য এবং প্রস্তুতির দুর্বলতা বিবেচনায় নেওয়ার দায়িত্ব কার?
টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি তো হঠাৎ তৈরি হয় না। কোন দেশে কখন খেলতে হবে, কোন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, তার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকে। তারপরও যদি একটি দল বিদেশের মাটিতে গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে না পারে, তাহলে শুধু ক্রিকেটারদের শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব শেষ করা যায় না। প্রশ্ন উঠবে পরিকল্পনা নিয়ে, দল নির্বাচন নিয়ে এবং ক্রিকেট পরিচালনার দক্ষতা নিয়ে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতার একটি হলো একাদশ নির্বাচন। টেস্ট ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। এই সহজ সত্যটি বুঝতে বড় কোনো ক্রিকেট বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। অথচ বাংলাদেশ দল গঠনের সময় এই মৌলিক বিষয়টিই অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়।
টেস্টে ভালো ব্যাটিং যেমন জরুরি, তেমনি প্রতিপক্ষকে দুই ইনিংসে অলআউট করার মতো কার্যকর বোলিং আক্রমণও অপরিহার্য। এ জন্য ভারসাম্যপূর্ণ একাদশের বিকল্প নেই। সাধারণভাবে পাঁচটি কার্যকর বোলিং বিকল্প থাকা একটি টেস্ট দলের জন্য গুরুত্বপূর্ণ। চারজন বোলার নিয়ে মাঠে নামলে প্রত্যেকের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কোনো বোলার চোটে পড়লে কিংবা ছন্দ হারালে বিকল্প থাকে না। আবার পাঁচজন বোলার নেওয়ার অর্থ পাঁচজন পেসার কিংবা পাঁচজন বিশেষজ্ঞ বোলার নেওয়া নয়। প্রতিপক্ষ, উইকেট, আবহাওয়া ও ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পেসার-স্পিনারের সমন্বয় করতে হবে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসারদের গুরুত্ব থাকবে, সেটিই স্বাভাবিক। কিন্তু শুধু পেসারের সংখ্যা বাড়ালেই বোলিং আক্রমণ শক্তিশালী হয় না। তাঁদের কার্যকারিতা, বৈচিত্র্য, ফিটনেস এবং বিকল্প পরিকল্পনা থাকতে হবে। সেঞ্চুরিয়নে চার পেসার নিয়ে খেলেও বাংলাদেশ প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি। উল্টো প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ বোলিং করেছেন পার্টটাইম স্পিনার মুমিনুল হক। তাহলে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনার কার্যকারিতা কোথায়? বোলার নির্বাচন করা আর বোলিং আক্রমণ তৈরি করা যে এক বিষয় নয়, এই ম্যাচ সেটিই দেখিয়েছে।
নির্বাচকদের বুঝতে হবে, একাদশে পাঁচজন বোলার রাখলেই দায়িত্ব শেষ হয় না। কে নতুন বলে আক্রমণ করবেন, কে পুরোনো বলে কার্যকর হবেন, কে দীর্ঘ স্পেল করতে পারবেন, কে উইকেট না পেলেও রান আটকে চাপ তৈরি করবেন—এসব বিবেচনা করেই বোলিং আক্রমণ সাজাতে হয়। একইভাবে ব্যাটিং লাইনআপেও দায়িত্ব ভাগ করে দিতে হয়। প্রতিপক্ষের কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা বদলানোর সক্ষমতা থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে পেস বিপ্লবের কথা বেশ জোরেশোরে বলা হচ্ছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেনের মতো পেসাররা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। দেশের বাইরেও পেসাররা ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্স করছেন। এটি নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন।
কিন্তু এই ছয়জনের বাইরে টেস্ট ক্রিকেটে দায়িত্ব নেওয়ার মতো আর কতজন পেসার প্রস্তুত? একজন চোটে পড়লে কিংবা বিশ্রামে গেলে বিকল্প কে? জাতীয় দলের পরিচিত কয়েকজন পেসারের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে টেস্ট ক্রিকেট পরিচালনা করা সম্ভব নয়। অথচ বিকল্প পেসার তৈরির কার্যকর উদ্যোগের চেয়ে বর্তমান পেসারদের পারফরম্যান্স নিয়েই বেশি আলোচনা হয়।
এখানে প্রশ্ন উঠবে খেলোয়াড়দের ওয়ার্কলোড ব্যবস্থাপনা নিয়েও। নাহিদ রানার চোট, হাসান মাহমুদের চোট কাটিয়ে ফেরার পর টানা খেলা এবং বিভিন্ন সংস্করণে একই বোলারদের ব্যবহার—এসব বিষয় কি পরিকল্পিত ব্যবস্থাপনার পরিচয় দেয়? একজন পেসারকে কখন খেলাতে হবে, কখন বিশ্রাম দিতে হবে এবং কোন সিরিজকে বেশি গুরুত্ব দিতে হবে, তা নির্ধারণের দায়িত্ব টিম ম্যানেজমেন্টের।
একজন পেসারকে সব সংস্করণে সব ম্যাচ খেলিয়ে তাঁর কাছ থেকে দীর্ঘদিন সেরা পারফরম্যান্স আশা করা বাস্তবসম্মত নয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে একজন পেসারের ফিটনেস, শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ম্যাচে অতিরিক্ত চাপ দিয়ে গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাকে হারিয়ে ফেললে সেটি শুধু খেলোয়াড়ের দুর্ভাগ্য নয়, ব্যবস্থাপনাগত ব্যর্থতাও।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ কিংবা আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলোয়াড়দের ব্যবহার নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা দরকার। প্রতিটি ম্যাচের গুরুত্ব এক নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ সামনে রেখে পেসারদের ফিটনেস ও বিশ্রামের বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত ছিল। কোনো সিরিজে জয়-পরাজয়ের চেয়ে ভবিষ্যতের বড় লড়াইয়ের প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। ক্রিকেটের আধুনিক ব্যবস্থাপনায় এই বোধটুকু থাকা জরুরি।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সংকটের আরেকটি বড় জায়গা হলো বিকল্প ক্রিকেটার তৈরির দুর্বল ব্যবস্থা। জাতীয় দলের বাইরে টেস্ট উপযোগী ব্যাটার ও বোলার তৈরির ধারাবাহিকতা কোথায়? ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের প্রস্তুতি কতটা আন্তর্জাতিক মানের? কতজন ব্যাটার নিয়মিত চার-পাঁচ ঘণ্টা ব্যাটিং করার অভ্যাস গড়ে তুলছেন? কতজন পেসার দীর্ঘ স্পেলে একই জায়গায় বল করার সক্ষমতা অর্জন করছেন?
টেস্ট ক্রিকেট আর টি-টোয়েন্টি এক নয়। সংক্ষিপ্ত সংস্করণে দ্রুত রান তোলা কিংবা কয়েক ওভারের মধ্যে উইকেট নেওয়ার দক্ষতা দিয়ে পাঁচ দিনের ক্রিকেটে সফল হওয়া যায় না। এখানে ধৈর্য, টেকনিক, মনোযোগ, শারীরিক সক্ষমতা এবং দীর্ঘ সময় ধরে চাপ সামলানোর মানসিকতা প্রয়োজন।

অথচ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে লাল বলের প্রতিযোগিতাকে আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। জাতীয় দলের বাইরে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে বিশেষ টেস্ট প্রস্তুতি ক্যাম্প, নিয়মিত লাল বলের অনুশীলন এবং বিদেশের কন্ডিশনে প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে হবে। সিরিজ শুরুর আগে কয়েক দিনের অনুশীলন দিয়ে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা সম্ভব নয়।
এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব সবচেয়ে বেশি। শুধু জাতীয় দল নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। জাতীয় দলকে শক্তিশালী করতে হলে নিচের স্তর থেকেই ক্রিকেটার তৈরির ব্যবস্থা করতে হবে। কোন বয়সের ক্রিকেটারকে ভবিষ্যতের টেস্ট ক্রিকেটার হিসেবে তৈরি করা হচ্ছে, কোন পেসারকে দীর্ঘ সংস্করণের জন্য প্রস্তুত করা হচ্ছে, কোন ব্যাটারকে লাল বলের ক্রিকেটে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে—এসব বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দুর্বলতা শুধু একটি সিরিজের ফলাফলে সীমাবদ্ধ নয়। সেঞ্চুরিয়নে হারের মধ্য দিয়ে টেস্টে ৫০তমবার ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। মাত্র ১৬৬টি টেস্ট খেলেই এই ৫০টি পরাজয়ের ঘটনা ঘটেছে। তুলনায় নিউজিল্যান্ডের ৫০টি ইনিংস ব্যবধানে হার এসেছে ৪৭২ টেস্ট খেলার পর এবং ইংল্যান্ডের ৮৪২ টেস্টে। মোট টেস্টের তুলনায় ইনিংস ব্যবধানে হারের হারও বাংলাদেশের সবচেয়ে বেশি।
এই পরিসংখ্যানকে নিছক সংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের কাঠামোগত দুর্বলতার প্রতিচ্ছবি। একটি দল নিয়মিত বড় ব্যবধানে হারলে বুঝতে হবে, সমস্যাটি শুধু নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারের ফর্মে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে প্রস্তুতি, দক্ষতা, পরিকল্পনা, দল নির্বাচন এবং ব্যবস্থাপনা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশ প্রথম দিনেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়। দ্বিতীয় ইনিংসে ৫৮ রানের উদ্বোধনী জুটি কিছুটা আশার সঞ্চার করলেও লাঞ্চের পর ২৬ রানে শেষ ছয় উইকেট হারিয়ে সেই আশাও শেষ হয়ে যায়। ২০ উইকেটের বিপরীতে দুই ইনিংসে মোট ৮৩.১ ওভার ব্যাটিং—এটি শুধু ব্যাটারদের ব্যর্থতা নয়, টেস্ট প্রস্তুতি ও মানসিক দৃঢ়তারও প্রশ্ন।
প্রতিপক্ষের বোলিং আক্রমণ ভালো ছিল, কন্ডিশনও কঠিন ছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে গেলে কঠিন কন্ডিশনের অজুহাত দেখিয়ে দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বরং কঠিন কন্ডিশনে কীভাবে খেলতে হবে, সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হয়।
বাংলাদেশের ক্রিকেটে পরাজয়ের পর ক্রিকেটারদের সমালোচনা হয়, অধিনায়কের বক্তব্য নিয়ে আলোচনা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ পায়। কিন্তু নির্বাচক, কোচিং স্টাফ ও ক্রিকেট পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সিদ্ধান্তের মূল্যায়ন কতটা হয়? একটি ভুল একাদশ নির্বাচনের দায় কে নেবেন? ভুল ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে গুরুত্বপূর্ণ পেসার চোটে পড়লে তার জবাবদিহি কার? বিকল্প ক্রিকেটার তৈরি না হলে দায় কার?
ক্রিকেটারদের পারফরম্যান্সের দায় অবশ্যই তাঁদের নিতে হবে। কিন্তু একটি দলের ব্যর্থতার সব দায় শুধু খেলোয়াড়দের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিসংগত নয়। নির্বাচকরা দল গঠন করেন, কোচরা পরিকল্পনা করেন, টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের ব্যবহার নির্ধারণ করে এবং বোর্ড সামগ্রিক কাঠামো পরিচালনা করে। প্রত্যেকের দায়িত্ব আলাদা, কিন্তু ব্যর্থতার দায়ও সবার।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে এখন নতুন করে সাজানোর সময় এসেছে। প্রতিটি সিরিজের আগে প্রতিপক্ষ ও কন্ডিশন অনুযায়ী একাদশ নির্বাচন, পাঁচটি কার্যকর বোলিং বিকল্প নিশ্চিত করা, পেসারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের মানোন্নয়ন এবং বিকল্প ক্রিকেটার তৈরির জন্য সময়বদ্ধ পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে সিরিজ শেষে শুধু সংবাদ সম্মেলনে আত্মসমালোচনা নয়, কোন সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল এবং তার ফল কী হয়েছে, সেটিরও মূল্যায়ন করতে হবে।
বাংলাদেশের ক্রিকেটে প্রতিবারই নতুন করে আশার কথা শোনানো হয়। একটি জয় এলে বলা হয়, দল বদলে যাচ্ছে। বড় পরাজয় এলে বলা হয়, এখান থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু বাস্তবে যদি একই ভুল ফিরে আসে, তাহলে সেই শিক্ষার মূল্য কী? অস্ট্রেলিয়ার মাটিতে জয় যেমন বাংলাদেশের সামর্থ্যের প্রমাণ হতে পারে, তেমনি দক্ষিণ আফ্রিকার মাটিতে ইনিংস ব্যবধানে হারও দলের সীমাবদ্ধতার নির্মম বাস্তবতা।
সবচেয়ে বড় কথা, টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো বোলিং আক্রমণ এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার মতো ব্যাটিং লাইনআপ তৈরি করতে হবে। শুধু পরিচিত মুখ দিয়ে একাদশ সাজিয়ে, কয়েকজন পেসারের ওপর নির্ভর করে এবং প্রতিটি পরাজয়ের পর উন্নতির প্রতিশ্রুতি দিয়ে টেস্ট ক্রিকেটে এগোনো যাবে না।
বাংলাদেশের ক্রিকেটে এখন আর নতুন করে শিক্ষা নেওয়ার ঘোষণা প্রয়োজন নেই। প্রয়োজন ভুল সিদ্ধান্তের দায় স্বীকার, নির্বাচনে পেশাদারত্ব এবং পরিকল্পনার বাস্তবায়ন। ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলে তা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। আর নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ভুল থাকলে তাঁদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ, একটি দল বারবার হারলে শুধু ক্রিকেটাররা ব্যর্থ হন না, ব্যর্থ হয় সেই দল গড়ে তোলার পুরো ব্যবস্থাটিও। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন—ক্রিকেটাররা আর কত দিন শিক্ষা নেবেন, আর নির্বাচক ও বোর্ড কবে নিজেদের ভুল থেকে শিক্ষা নেবেন?
লেখক : অনলাইন নিউজ এডিটর, দৈনিক ডেল্টা টাইমস।
ডেল্টা টাইমস/মোহাম্মদ ইয়ামিন/সিআর/এমই