প্রযুক্তির বিস্ময়, প্রকৃতির সংকট

অমৃত চিছাম:

মতামত

প্রকৃতি মানুষের অস্তিত্বের ভিত্তি, আর প্রযুক্তি মানুষের অগ্রগতির হাতিয়ার। কৃত্রিম উপাদান মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অনিয়ন্ত্রিত

2026-11-28T15:03:59+06:00
2026-11-28T15:07:34+06:00
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির বিস্ময়, প্রকৃতির সংকট
অমৃত চিছাম:
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ৩:০৭ পিএম  (ভিজিট : ৮)

প্রকৃতি মানুষের অস্তিত্বের ভিত্তি, আর প্রযুক্তি মানুষের অগ্রগতির হাতিয়ার। কৃত্রিম উপাদান মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশের জন্য নতুন সংকট তৈরি করছে। অন্যদিকে, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারও পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে। তাই প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। যার কেন্দ্রে রয়েছে প্রযুক্তির এক বিরাট অবদান। বহুদিন আগে থেকেই সারা পৃথিবীতে প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছিল, কিন্তু একবিংশ শতাব্দীতে এসে তা পরিপূর্ণতা পেয়েছে। সারা পৃথিবীতে অভূতপূর্ব বিপ্লব ঘটাতে সহায়তা করেছে প্রযুক্তি। বিশেষ করে যদি বলতে হয়, তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রথমেই ছোট করে একটু জেনে নেওয়া যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়টি আসলে কী? সহজ ভাষায়, মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তির অনুকরণে যন্ত্রের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদন করার প্রযুক্তিকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। যা বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। মানুষের জীবনযাত্রা, শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, যোগাযোগ ও অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এক নতুন বিপ্লবের সূচনা করেছে। চ্যাটজিপিটি, জেমিনি, স্বয়ংক্রিয় যানবাহন, রোবটবিদ্যা এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। যে কাজ সম্পন্ন করতে একসময় ঘণ্টার পর ঘণ্টা প্রয়োজন হতো, তা এখন কয়েক সেকেন্ডের মধ্যেই করা সম্ভব হচ্ছে। কিন্তু প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতির আড়ালে তৈরি হচ্ছে নতুন পরিবেশগত সংকট। 

কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ, তথ্যকেন্দ্র পরিচালনা, সার্ভার শীতলীকরণ এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের কারণে বাড়ছে জ্বালানি চাহিদা, কার্বন নিঃসরণ ও পানির ব্যবহার। পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্য এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর চাপও দিন দিন অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ ও উন্নত করার কথা, সেই প্রযুক্তির বিকাশ যদি পরিবেশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, তাহলে তা কতটা টেকসই? প্রযুক্তিগত অগ্রগতি ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করাই এখন সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন বিপুল গণনাক্ষমতা। আর এই ক্ষমতার প্রধান কেন্দ্র হলো তথ্যকেন্দ্র। হাজার হাজার শক্তিশালী সার্ভার, উন্নত প্রসেসর ও তথ্য সংরক্ষণব্যবস্থা নিয়ে গড়ে ওঠা এসব কেন্দ্রে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বাড়ছে তথ্যকেন্দ্রের বিদ্যুৎ চাহিদা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ‘জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী তথ্যকেন্দ্রগুলো প্রায় ৪১৫ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করেছে, যা বৈশ্বিক বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১.৫ শতাংশ। সংস্থাটির পূর্বাভাস অনুসারে, ২০৩০ সালের মধ্যে এই চাহিদা প্রায় ৯৪৫ টেরাওয়াট-ঘণ্টায় পৌঁছাতে পারে। 

২০২৬ সালে পরিচালিত হালনাগাদ বিশ্লেষণেও প্রতীয়মান হয় যে, ২০৩০ সালের জন্য প্রায় ৯৫০ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুতের প্রয়োজন হবে। এই বিপুল বিদ্যুৎ চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়লে কার্বন নিঃসরণও বৃদ্ধি পেতে পারে। ২০২৫ সালে প্রকাশিত গবেষণাভিত্তিক প্রাক্কলন অনুযায়ী, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার কারণে বছরে প্রায় ৩ কোটি ২৬ লাখ থেকে ৭ কোটি ৯৭ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঘটে। ফলে একদিকে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পেলেও, অন্যদিকে বিদ্যুৎ উৎপাদনের পরিবেশগত ব্যয় নতুন সংকট সৃষ্টি করছে প্রতিনিয়ত।জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ। তথ্যকেন্দ্রের বিদ্যুৎ যদি কয়লা, তেল ও গ্যাসভিত্তিক উৎস থেকে আসে, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরোক্ষ কার্বন পদচিহ্ন বাড়ে। এ ছাড়া সার্ভার, চিপ, প্রসেসর ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ উৎপাদন এবং পরিবহনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য জ্বালানি ও কাঁচামাল প্রয়োজন হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কার্বন নিরপেক্ষতার লক্ষ্য ঘোষণা করলেও বাস্তবে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎব্যবস্থা সেই লক্ষ্য অর্জনে কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে। 

তাই শুধু প্রযুক্তির কার্যকারিতা নয়, এর সম্পূর্ণ জীবনচক্রের কার্বন নিঃসরণ বিবেচনায় নেওয়া জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবেশগত প্রভাব শুধু বিদ্যুৎ ব্যবহারে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পানির ব্যবহার। উচ্চক্ষমতাসম্পন্ন সার্ভার পরিচালনার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। এসব সার্ভারকে কার্যকর রাখতে বিভিন্ন শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়, যার কিছু পদ্ধতিতে বিপুল পরিমাণ পানি প্রয়োজন হয়। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন এবং অর্ধপরিবাহী চিপ তৈরির প্রক্রিয়াতেও প্রচুর পরিমাণ পানি ব্যবহৃত হয়। ফলে তথ্যকেন্দ্রের প্রকৃত পানির পদচিহ্ন প্রত্যক্ষ ব্যবহারের চেয়ে অনেক বেশি। ২০২৫ সালে নেচার সাসটেইনেবিলিটি নামক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, শুধুমাত্র যুক্তরাষ্ট্রে ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভারের সম্প্রসারণের কারণে বছরে ৭৩১ থেকে ১ হাজার ১২৫ মিলিয়ন ঘনমিটার পর্যন্ত পানির পদচিহ্ন তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে উন্নত প্রসেসর, গ্রাফিকস কার্ড, সার্ভার ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশের চাহিদা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। 

দ্রুত প্রযুক্তিগত পরিবর্তনের কারণে অনেক যন্ত্রপাতি অল্প সময়ের মধ্যেই অপ্রচলিত হয়ে পড়ে। এর ফলে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ও জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান প্রকাশিত ‘বৈশ্বিক ই-বর্জ্য পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৪’ অনুযায়ী, ২০২২ সালে বিশ্বে প্রায় ৬২ মিলিয়ন টন ই-বর্জ্য উৎপন্ন হয়েছে। এর মাত্র ২২.৩ শতাংশ পরিবেশসম্মত উপায়ে আনুষ্ঠানিকভাবে সংগ্রহ ও পুনঃব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটিতে উঠে আসা তথ্য অনুযায়ী, ২০৩০ সালে ই-বর্জ্যের পরিমাণ প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৮২ মিলিয়ন টনে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। যা প্রকৃতি তথা মানবজাতির জন্য উদ্বেগের কারণ। ই-বর্জ্যে থাকা সিসা, পারদ, ক্যাডমিয়ামসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান মাটি, পানি ও বায়ু দূষণ ঘটাতে সহায়তা করে। অপরিকল্পিতভাবে এসব বর্জ্য ব্যবস্থাপনা করলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়ে। তাই প্রযুক্তি উৎপাদনের পাশাপাশি যন্ত্রাংশের পুনঃব্যবহার, মেরামত এবং নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। দেশেও বর্তমানে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। 

শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিল্প উৎপাদন ও সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই অগ্রগতির সঙ্গে পরিবেশগত পরিকল্পনার সমন্বয় না হলে ভবিষ্যতে নতুন সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ ও ঘনবসতিপূর্ণ দেশে তথ্যকেন্দ্র স্থাপন, বিদ্যুৎ সরবরাহ, পানির ব্যবহার এবং ই-বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো এবং পানি সাশ্রয়ী শীতলীকরণ প্রযুক্তি ব্যবহার করা এখন সময়ের দাবি।কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশের জন্য শুধু নতুন সংকটই তৈরি করছে না; বরং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সম্ভাবনা সৃষ্টি করছে। "অমঙ্গলের গর্ভেই কখনো কখনো মঙ্গলের বীজ নিহিত থাকে।" সঠিক পরিকল্পনা ও প্রয়োগের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিবেশ ব্যবস্থাপনার কার্যকর হাতিয়ার হতে পারে। উপগ্রহচিত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণের মাধ্যমে বন উজাড়, নদীদূষণ, ভূমির ব্যবহার পরিবর্তন ও অবৈধ দখল শনাক্ত করা সম্ভব। 

আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া যায়। স্মার্ট কৃষিতে মাটির আর্দ্রতা, আবহাওয়া ও ফসলের অবস্থা বিশ্লেষণ করে পানি, সার ও কীটনাশকের অপচয় কমানো সম্ভব। শিল্পকারখানায় জ্বালানি ব্যবহার অনুকূল করা, নগর বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানো এবং সুন্দরবন সংরক্ষণেও কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবেশগত প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, প্যারিস জলবায়ু চুক্তি, জাতিসংঘের পরিবেশগত উদ্যোগ এবং ইউনেসকোর কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা বিষয়ক সুপারিশমালা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। বিশেষ করে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৬ নম্বর লক্ষ্য (নিরাপদ পানি ও স্যানিটেশন), ৭ নম্বর লক্ষ্য (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি), ৯ নম্বর লক্ষ্য (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো), ১২ নম্বর লক্ষ্য (দায়িত্বশীল ভোগ ও উৎপাদন), ১৩ নম্বর লক্ষ্য (জলবায়ু কার্যক্রম) এবং ১৫ নম্বর লক্ষ্য (স্থলজ প্রতিবেশ সংরক্ষণ) অর্জনে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবেশগত প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ের আইন এবং নীতিমালা

বাংলাদেশের আইন ও বিধিমালা: বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫; পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩; কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এবং বিপজ্জনক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ প্রযুক্তিনির্ভর পরিবেশ ব্যবস্থাপনা।

আন্তর্জাতিক আইন ও নীতিমালা: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (১৯৯২): জলবায়ু পরিবর্তন মোকাবিলা।

বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত পরিবহন ও অপসারণ নিয়ন্ত্রণবিষয়ক বাসেল কনভেনশন (১৯৮৯): বিপজ্জনক বর্জ্য নিয়ন্ত্রণ,প্যারিস জলবায়ু চুক্তি (২০১৫): বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, ইউনেসকোর কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা বিষয়ক সুপারিশমালা (২০২১): নৈতিক ও পরিবেশবান্ধব কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম বুদ্ধিমত্তা আইন (২০২৪): কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার, ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি দক্ষতাবিষয়ক নির্দেশিকা (২০২৩): তথ্যকেন্দ্রের জ্বালানি দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার পরিবেশবিষয়ক সুপারিশমালা (২০২৫): ডিজিটাল প্রযুক্তির পরিবেশগত প্রভাব হ্রাস, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের পরিবেশগত প্রভাব মূল্যায়নবিষয়ক নির্দেশিকা (আইটিইউ-টি এল.১৮০১): কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবেশগত প্রভাব মূল্যায়ন।
টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, কম বিদ্যুৎ ব্যবহারকারী প্রসেসর, দক্ষ সার্ভার এবং উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরি করতে হবে। পানি পুনঃব্যবহার, উন্নত শীতলীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পানিসম্পদের ধারণক্ষমতা বিবেচনায় তথ্যকেন্দ্র পরিচালনা করতে হবে। ইলেকট্রনিক যন্ত্রাংশের মেরামত, পুনঃব্যবহার ও নিরাপদ নিষ্পত্তি নিশ্চিত করা জরুরি। বড় তথ্যকেন্দ্র স্থাপনের আগে বিদ্যুৎ, পানি, কার্বন নিঃসরণ ও বর্জ্যের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করতে হবে। পরিবেশবান্ধব কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশবান্ধব কম্পিউটিং এবং কম সম্পদনির্ভর প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় করে টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতার জন্য এক অসাধারণ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে প্রযুক্তির এই অগ্রযাত্রা যদি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার, কার্বন নিঃসরণ, পানিসম্পদের ওপর চাপ এবং ই-বর্জ্যের পাহাড় তৈরি করে, তাহলে তা দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই প্রযুক্তিকে পরিবেশের প্রতিপক্ষ নয়, বরং পরিবেশ সুরক্ষার সহযোগী হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তির সাফল্য তখনই প্রকৃত অর্থে সার্থক হবে, যখন তা মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও অবদান রাখবে।

পরিশেষে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক র‌্যাচেল কারসনের সঙ্গে সুর মিলিয়ে আমরাও বলতে পারি— “মানুষ প্রকৃতির অংশ, তার বিপরীতে দাঁড়িয়ে থাকা কোনো সত্তা নয়।”

লেখক : ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট, এনভায়রনমেন্টাল অর্গানিক কেমিস্ট্রি ল্যাব.
বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা

ডেল্টা টাইমস/অমৃত চিছাম/সিআর/এমই









  এই ক্যাটেগরির আরো সংবাদ