আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়: ন্যান্সি

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

সম্পর্কের টানাপোড়েন মানেই সবকিছুর ইতি নয়। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকলেও তাদের বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন সংগীতশিল্পী

2026-11-27T10:01:54+06:00
2026-11-27T10:01:54+06:00
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়: ন্যান্সি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:০১ এএম   (ভিজিট : ০)

সম্পর্কের টানাপোড়েন মানেই সবকিছুর ইতি নয়। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা থাকলেও তাদের বিবাহবিচ্ছেদ হয়নি বলে জানিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাস ঘিরে তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই সংগীতশিল্পী।

বুধবার (২৫ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’ তার এই পোস্টের পরই স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। পরে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়ার পাশাপাশি নিজের ফেসবুক অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ন্যান্সি। ফেসবুক থেকে স্ট্যাটাস সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, অবশ্যই তার কারণ রয়েছে।’

ন্যান্সি জানান, স্ট্যাটাসে আলাদা হওয়ার কথা বললেও সেটিকে বিবাহবিচ্ছেদ হিসেবে উপস্থাপন করা হবে, তা তিনি ভাবেননি। তার ভাষায়, ‘আমি ফেসবুক স্ট্যাটাসে আমাদের আলাদা হওয়ার কথা বলেছি। সেটা যে কারণেই হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি। যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।’

ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার কারণও জানিয়েছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, স্ট্যাটাস মুছে ফেলার পরও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছিল। এ কারণে অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন।

তবে স্বামী থেকে আলাদা থাকলেও তাদের মধ্যে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি বলে স্পষ্ট করেন ন্যান্সি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটি ন্যান্সির তৃতীয় বিয়ে।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না ন্যান্সি। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, আপাতত স্বামীর সঙ্গে আলাদা থাকলেও তাদের বিবাহবিচ্ছেদ হয়নি।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ