প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম (ভিজিট : ০)

সাদিয়া জাহান প্রভা, নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা।
দেশের ওটিটি ইতিহাসে অন্যতম সফল চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম এই চরিত্রের আবির্ভাব। পরে চরিত্রটি নিয়েই নির্মাতা শিহাব শাহীন বানান আলাদা সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেটাও পায় তুমুল জনপ্রিয়তা। অ্যালেন স্বপন হয়ে দর্শকের অসামান্য ভালোবাসা পান নাসির উদ্দিন খান।
গত বছর চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন। সেটার ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। জানা গেছে, এরই মধ্যে শুরু হয়েছে সিরিজটির শুটিং। বরাবরের মতো নাম ভূমিকায় থাকছেন নাসির উদ্দিন খান।
আগের দুই সিরিজে অ্যালেন স্বপনের সঙ্গে শায়লা চরিত্রে দেখা গেছে রাফিয়াত রশিদ মিথিলাকে। তবে এবার তিনি থাকছেন না। বরং তার পরিবর্তে সিরিজে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা।
বিষয়টি নিয়ে নির্মাতা শিহাব শাহীনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’
অতঃপর চরকিতে যোগাযোগ করা হয়। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে থাকছেন প্রভা।
প্রশ্ন হতে পারে, হঠাৎ মিথিলার পরিবর্তে প্রভা কেন? কারণ মিথিলা বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখানকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন। ফলে সেখানে তার বিপুল ব্যস্ততা। সে কারণে দেশে এসে শুটিং করা সম্ভব হচ্ছে না।
তাই এবার প্রভাকে বেছে নিলেন নির্মাতা। এ মাসের শেষ দিকে তার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের মাঝামাঝিতে সিরিজটির শুটিং শেষ হবে। এতে নাসির উদ্দিন খান ও প্রভা ছাড়াও থাকছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবি প্রমুখ। ঈদুল ফিতরে সিরিজটি মুক্তি পাবে চরকিতে।
ডেল্টা টাইমস/সিআর/এমই