ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই

ডেল্টা টাইমস ডেস্ক:

বিনোদন

পাঁচ বছরের সম্পর্কে ভাঙন। বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে দাম্পত্যের ইতি

2026-11-26T09:46:28+06:00
2026-11-26T09:46:28+06:00
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম   (ভিজিট : ১৯)
নাজমুন মুনিরা ন্যানসি ও মহসীন মেহেদী। ছবি : গায়িকার ফেসবুক

নাজমুন মুনিরা ন্যানসি ও মহসীন মেহেদী। ছবি : গায়িকার ফেসবুক

পাঁচ বছরের সম্পর্কে ভাঙন। বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে দাম্পত্যের ইতি টানছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বিবৃতির মাধ্যমে খবরটি দিয়েছেন গায়িকা।

ন্যানসি তার বার্তায় লেখেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে ন্যানসি লিখেছেন, ‘আমাদের নিয়ে যারা ভেবেছেন এবং ভালোবাসা নিয়ে পাশে থেকেছেন, তাদের সবার কাছে এই সময়ে আমাদের সিদ্ধান্তকে বোঝার, সম্মান করার এবং ব্যক্তিগত পরিসরটুকু বজায় রাখার আন্তরিক অনুরোধ জানাচ্ছি।’

সবশেষে নতুনভাবে এগিয়ে চলার প্রত্যয় জানিয়ে ন্যানসি বললেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আশা করি, জীবনের এই নতুন অধ্যায় আমি শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’ ২০২১ সালের আগস্টে বিয়ে করেছিলেন ন্যানসি ও মেহেদী। এরপর ২০২২ সালের জুনে তাদের ঘরে আসে কন্যাসন্তান।

এর আগেও দুটি সংসার করেছিলেন ন্যানসি। এর মধ্যে ২০০৬ সালে বিয়ে করেন আবু সাঈদ সৌরভ নামের এক ব্যবসায়ীকে, ওই সংসারে একমাত্র কন্যা রোদেলা এখন ন্যানসির সঙ্গেই থাকেন। তিনি বড় হয়েছেন, মায়ের মতো বেছে নিয়েছেন গানের ভুবন। ২০১২ সালে ওই সংসার ভেঙে যায়। অতঃপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন। এই সংসারেও একটি কন্যার মা হন ন্যানসি। ২০২১-এ দ্বিতীয় সংসারে বিচ্ছেদের খবর দেন গায়িকা।

উল্লেখ্য, একবিংশ শতকে দেশের অন্যতম সফল গায়িকা ন্যানসি। ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ সিনেমার প্লেব্যাক দিয়ে তার অভিষেক হয়। এরপর বহু শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন তিনি। পেয়েছেন একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সাতবার মেরিল প্রথম আলো পুরস্কার।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ