এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

ডেল্টা টাইমস ডেস্ক:

শিক্ষা

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের খাতা আবারও মূল্যায়ন করা হবে। এবার এক শিক্ষা

2026-11-27T09:26:03+06:00
2026-11-27T09:26:03+06:00
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:২৬ এএম   (ভিজিট : ০)

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের খাতা আবারও মূল্যায়ন করা হবে। এবার এক শিক্ষা বোর্ডের খাতা অন্য শিক্ষা বোর্ডে পাঠিয়ে মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে ফল পরিবর্তনের প্রকৃত কারণ খুঁজে বের করা হবে।

পরীক্ষকদের ভুল বা অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। শুধু ফল পরিবর্তনের মধ্য দিয়ে বিষয়টি শেষ হয়ে যায় না। কেন ফল পরিবর্তন হলো, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি বলেন, এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে পরিবর্তন আসা খাতাগুলো এক বোর্ড থেকে অন্য বোর্ডে পাঠিয়ে আবারও মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষকরা খাতা যথাযথভাবে মূল্যায়ন করেছেন কি না, তা যাচাই করা হবে।

পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পুনরায় মূল্যায়নে পরীক্ষকের ভুলের কারণে ফল পরিবর্তনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষককে শাস্তির আওতায় আনা হবে। আর যেসব পরীক্ষকের প্রশিক্ষণ প্রয়োজন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

এহছানুল হক মিলন বলেন, একজন শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেও পরীক্ষকের ভুলের কারণে প্রত্যাশিত ফল পাবেন না, এটা গ্রহণযোগ্য নয়। একইভাবে যথাযথ মূল্যায়ন ছাড়াই কাউকে ভালো ফল দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করতে খাতা মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি থাকতে হবে।

শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সমাধান করতে চান জানিয়ে মন্ত্রী বলেন, এজন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ