প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ১২)

চাঁদে অভিযান ও মহাকাশ যোগাযোগে রেডিও তরঙ্গের ব্যবহার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ)। সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সম্মেলনে প্রথমবারের মতো চাঁদকেন্দ্রিক যোগাযোগব্যবস্থা নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।
চাঁদে ও চাঁদের কক্ষপথে পরিচালিত বিভিন্ন অভিযানের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি বা বেতার তরঙ্গের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে চন্দ্রাভিযানে যোগাযোগ, নেভিগেশন ও দূর থেকে পর্যবেক্ষণসহ বিভিন্ন প্রযুক্তির উন্নয়নে আন্তর্জাতিক সমন্বয় জোরদার হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় আইটিইউর প্লেনিপোটেনশিয়ারি কনফারেন্স-২০২৬ (পিপি-২৬) সম্মেলনে সদস্যরাষ্ট্রগুলো এ সিদ্ধান্ত গ্রহণ করে।
আইটিইউর মহাসচিব ডোরিন বগদান-মার্টিন বলেন, আগামী কয়েক দশকে চাঁদে শত শত অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব অভিযানের প্রতিটির জন্য নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন বেতার যোগাযোগ অপরিহার্য। এই ঐতিহাসিক সিদ্ধান্ত চন্দ্রাভিযানে যোগাযোগব্যবস্থা উন্নয়নে উদ্ভাবনী ফ্রিকোয়েন্সি সমাধান খুঁজে পেতে আইটিইউর ভূমিকা আরও শক্তিশালী করবে।
চাঁদে অভিযান পরিচালনার ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগের পাশাপাশি নেভিগেশন ও রিমোট সেন্সিংয়ের মতো প্রযুক্তিও এর ওপর নির্ভরশীল। চাঁদের পৃষ্ঠে এবং কক্ষপথে থাকা বিভিন্ন ব্যবস্থার মধ্যে যোগাযোগ নিশ্চিত করতে নতুন প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
এ ক্ষেত্রে বিদ্যমান বেতার যোগাযোগসেবার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা, ফ্রিকোয়েন্সির দক্ষ ব্যবহার এবং ক্ষতিকর সিগন্যালের হস্তক্ষেপ প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়া হবে।
পিপি-২৬ সম্মেলনের চেয়ারম্যান এবং কাতারের কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটির (সিআরএ) প্রেসিডেন্ট প্রকৌশলী আহমদ বিন আবদুল্লাহ আল-মুসলেমানি বলেন, দোহায় সম্মেলনের অনুকূল পরিবেশ ঐতিহাসিক এই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়েছে। চাঁদসহ পৃথিবীর বাইরের বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা জোরদারে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আইটিইউর রেডিও রেগুলেশনসের আওতায় চন্দ্রাভিযানের জন্য বেতার তরঙ্গ ও স্যাটেলাইট কক্ষপথ ব্যবস্থাপনা করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১০টি দেশ চাঁদে বা চাঁদের কক্ষপথে পরিচালিত প্রকল্পের জন্য রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহারের আবেদন জমা দিয়েছে।
আইটিইউর রেডিওকমিউনিকেশন ব্যুরোর পরিচালক মারিও মানিয়েভিচ বলেন, চাঁদকেন্দ্রিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ফ্রিকোয়েন্সির চাহিদা ও সমন্বয়ের চ্যালেঞ্জও বাড়ছে। বিভিন্ন ব্যবস্থার মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করা এবং ক্ষতিকর সিগন্যালের হস্তক্ষেপ ছাড়াই সেগুলোর সহাবস্থান নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
তিনি আরও বলেন, চলমান গবেষণার ফলাফল ভবিষ্যতে চন্দ্র যোগাযোগের নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণে সহায়তা করবে। এ বিষয়ে পরবর্তী বিশ্ব বেতার যোগাযোগ সম্মেলন-২০২৭ (ডব্লিউআরসি-২৭)-এ সদস্যরাষ্ট্রগুলো আলোচনা করতে পারবে।
এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত বিশ্ব বেতার যোগাযোগ সম্মেলনে চন্দ্র যোগাযোগব্যবস্থার জন্য নতুন বা পরিবর্তিত ফ্রিকোয়েন্সি বরাদ্দের সম্ভাবনা যাচাই করতে আইটিইউকে গবেষণার নির্দেশনা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় আইটিইউর রেডিওকমিউনিকেশন সেক্টরের অধীনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ফ্রিকোয়েন্সির চাহিদা, বিদ্যমান যোগাযোগব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য এবং সম্ভাব্য নিয়ন্ত্রক বিধান নিয়ে কাজ করছেন।
আইটিইউর আয়োজনে এবং কাতার সরকারের পক্ষে দেশটির কমিউনিকেশনস রেগুলেটরি অথরিটির (সিআরএ) আতিথেয়তায় ৯ থেকে ২৭ নভেম্বর দোহায় পিপি-২৬ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।