প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩৫ পিএম (ভিজিট : ০)

ইউটিউবে এমন কিছু পরিবর্তন প্রায়ই দেখা যায়, যা ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ভিডিও দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে সম্প্রতি প্ল্যাটফর্মটিতে কথোপকথনভিত্তিক সার্চ ও ‘অন-দ্য-গো’ মোডের মতো কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে।
তবে সব পরিবর্তন ব্যবহারকারীদের পছন্দ হচ্ছে না। যেমন টিভিতে ইউটিউব দেখার ক্ষেত্রে স্কিপ করা যায় না এমন বিজ্ঞাপন চালু করেছে প্রতিষ্ঠানটি যা অনেক ব্যবহারকারীরই অভিজ্ঞতা খারাপ করে দিয়েছে। এতে বোঝা যায়, ব্যবহারকারীরা কোন বিষয় পছন্দ করেন আর কোনটি অপছন্দ করেন, তা বুঝতে সব সময় সফল হচ্ছে না ইউটিউব।
এবার অ্যাপের নেভিগেশন বারে নতুন পরিবর্তন নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। ২০২৬ সালের নভেম্বর মাসে ইউটিউব নেভিগেশন বারের নতুন নকশা উন্মোচন করেছে। এতে আগের মতো ‘সাবস্ক্রিপশনস’ অপশনটি আর চোখে পড়ছে না। ‘সাবস’ নামে বোতামটি এখন ওপরের মেনুতে ‘হোম’ এবং ‘মুভিজ অ্যান্ড টিভি’ অপশনের মাঝখানে রাখা হয়েছে। ফলে অনেক ব্যবহারকারীই তাদের পরিচিত জায়গায় সাবস্ক্রিপশন ট্যাবটি না পেয়ে বিরক্ত হয়েছেন।
রেডিটের এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, ‘কে ঠিক করল যে এটি ভালো নকশা?’ এ ছাড়া নতুন নকশায় ‘লাইব্রেরি’ ট্যাবটিও আর দেখা যাচ্ছে না। এখন সাম্প্রতিক দেখা ভিডিও, ডাউনলোড করা ভিডিও, প্লেলিস্ট এবং লাইব্রেরিতে থাকা অন্যান্য কনটেন্ট দেখতে ব্যবহারকারীদের নিজেদের প্রোফাইলে যেতে হচ্ছে।
শুধু বোতামগুলোর অবস্থানই বদলানো হয়নি, নেভিগেশন বারে যুক্ত করা হয়েছে ‘লিকুইড গ্লাস’ নকশা এবং ভাসমান উপস্থাপন।
ইউটিউব শর্টস কি ভবিষ্যতের পরিবর্তনেও প্রভাব ফেলবে?
ইউটিউবের সাম্প্রতিক পরিবর্তনগুলো দেখে মনে হতে পারে, নেভিগেশন বারকে আরও পরিচ্ছন্ন করা এবং অ্যাপের গুরুত্বপূর্ণ সুবিধাগুলো সামনে নিয়ে আসাই এর উদ্দেশ্য। তবে এর মাধ্যমে মূলত প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের কোন বিষয়গুলো বেশি দেখাতে ও ব্যবহার করাতে চায়, সেটিই স্পষ্ট হচ্ছে।
টিকটক ও ইনস্টাগ্রাম রিলসের সঙ্গে প্রতিযোগিতা করতে ইউটিউবও তাদের শর্টস বিভাগকে গুরুত্ব দিচ্ছে। ছোট ছোট ভিডিওর মাধ্যমে দ্রুত বিনোদন পাওয়ার সুযোগ তৈরি করছে প্ল্যাটফর্মটি। যারা ছোট ভিডিও দেখতে পছন্দ করেন, দীর্ঘ সময় ধরে একের পর এক ভিডিও স্ক্রল করেন কিংবা যাদের হাতে দীর্ঘ ভিডিও দেখার সময় নেই, তাদের জন্য এটি সুবিধাজনক হতে পারে।
তবে অনেক ব্যবহারকারীর কাছে শর্টস এখন বিরক্তির কারণ হয়ে উঠছে। ফিডে অতিরিক্ত শর্টস ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে কেউ কেউ এই সুবিধা বন্ধও করে দিয়েছেন। বিশেষ করে যারা দীর্ঘ সময়ের ভিডিও দেখতে ইউটিউব ব্যবহার করেন, তাদের কাছে শর্টস খুব একটা প্রয়োজনীয় নয়।
তারপরও ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন ট্যাবের জায়গায় শর্টসকে গুরুত্ব দিচ্ছে ইউটিউব। নতুন নেভিগেশন বারে ‘হোম’ ও ‘প্রোফাইল’ অপশনের পাশাপাশি জায়গা পেয়েছে ‘আপলোড’ বোতামও। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা সরাসরি নিজের ডিভাইস থেকে ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার এবং পোস্ট আপলোড করতে পারবেন।
নেভিগেশন বারে এই বোতামের উপস্থিতি থেকে বোঝা যায়, ইউটিউব তাদের প্ল্যাটফর্মে শর্টসকে অন্যতম প্রধান সুবিধা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। যদিও এরই মধ্যে অনেক ব্যবহারকারী শর্টস দেখে বিরক্ত। প্রশ্ন উঠেছে, ব্যবহারকারীরা তাদের ফোন থেকে কত ঘন ঘন ভিডিও আপলোড করেন, যার জন্য নেভিগেশন বারে আলাদা জায়গা রাখা প্রয়োজন হয়েছে।
যা-ই হোক, ইউটিউব থেকে শর্টস সরিয়ে ফেলার কোনো লক্ষণ নেই। বরং ভবিষ্যতের অ্যাপ আপডেটগুলোতে প্ল্যাটফর্মের নকশা ও ব্যবহারের অভিজ্ঞতায় শর্টসের প্রভাব আরও বাড়তে পারে। তাই ব্যবহারকারীদের হয়তো এসব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। - সূত্র: বিজিআর
ডেল্টা টাইমস/সিআর/এমই