এআই কোম্পানি দেউলিয়া হলে আপনার যে ক্ষতি হতে পারে

ডেল্টা টাইমস ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন অনেকেই। কেউ সম্পর্কের সমস্যা জানান, কেউ শেয়ার

2026-11-21T12:38:07+06:00
2026-11-21T12:38:07+06:00
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআই কোম্পানি দেউলিয়া হলে আপনার যে ক্ষতি হতে পারে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ৮)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেন অনেকেই। কেউ সম্পর্কের সমস্যা জানান, কেউ শেয়ার করেন পারিবারিক দ্বন্দ্ব বা মানসিক উদ্বেগের কথা। কিন্তু যেসব এআই প্রতিষ্ঠানের কাছে এসব তথ্য জমা থাকে সেগুলো একসময় বন্ধ হয়ে গেলে কী হবে? প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও তথ্য অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যেতে পারে। এতে গোপনীয়তা নিয়ে নতুন ঝুঁকি তৈরি হচ্ছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এআই চ্যাটবট নির্মাতা প্রতিষ্ঠান ক্যারেক্টার ডট এআইয়ের দেউলিয়া হওয়ার ঘটনা এ ঝুঁকিকে সামনে এনেছে। প্রতিষ্ঠানটির চ্যাটবটের সঙ্গে কয়েক কোটি মানুষ সম্পর্ক তৈরি করেছিলেন। তাদের মধ্যে শিশুও রয়েছে। কেউ কেউ চ্যাটবটের সঙ্গে ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ ২ কোটি ডলারে কিনতে সম্মত হয়েছে ডিজনি। তবে ওই চুক্তিতে ব্যবহারকারীদের তথ্য অন্তর্ভুক্ত নেই। কিন্তু আদালতে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের তথ্য অন্য ক্রেতার কাছে বিক্রি করতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবটের সঙ্গে মানুষের কথোপকথন সাধারণ অনলাইন সেবার তুলনায় অনেক বেশি ব্যক্তিগত হতে পারে। যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের (ইপিক) এআই ও মানবাধিকারবিষয়ক কর্মসূচির পরিচালক ক্যালি শ্রোডার বলেন, মানুষ যখন ব্যক্তিত্বসম্পন্ন চ্যাটবটের সঙ্গে কথা বলে, তখন তারা অনেক বেশি ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য প্রকাশ করে।

শুধু যারা চ্যাটবট ব্যবহার করেন তাদের তথ্যই ঝুঁকিতে পড়ে না। ব্যবহারকারীরা তাদের বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের সম্পর্কেও তথ্য জানাতে পারেন। ফলে যারা কখনো ওই সেবা ব্যবহার করেননি তাদের ব্যক্তিগত তথ্যও অন্যের হাতে যাওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই খাতে বিনিয়োগের বিপুল ব্যয়ের কারণে অনেক প্রতিষ্ঠান লাভের মুখ দেখতে পারবে না। ফলে এ খাতে বড় ধরনের মন্দা দেখা দিলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বা অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হতে পারে। তখন এসব প্রতিষ্ঠানের কাছে জমা থাকা বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য বিক্রির জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্যারেক্টার ডট এআইয়ের তথ্য বিক্রির ক্ষেত্রে শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য আদালতের কাছে আবেদন করেছেন। তবে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আইনগত সীমাবদ্ধতা থাকায় এ ধরনের উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

ক্যারেক্টার ডট এআইয়ের গোপনীয়তা নীতিমালায় বলা হয়েছে, ব্যবহারকারীদের তথ্য নতুন সুবিধা তৈরি, এআই মডেল প্রশিক্ষণ, অ্যালগরিদম উন্নয়ন এবং বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রতিষ্ঠানটির তথ্য কিনলে নতুন মালিকও এসব কাজে তা ব্যবহার করতে পারে।

প্রতিষ্ঠানটির চ্যাটবটের বিরুদ্ধে কিশোরদের ক্ষতিকর পরামর্শ দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল। একটি মামলায় অভিযোগ করা হয়, স্ক্রিন টাইম নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে তার মা-বাবাকে হত্যার জন্য উৎসাহিত করেছিল চ্যাটবট। আরেক ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পেছনে চ্যাটবটের ভূমিকার অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি এসব মামলা নিষ্পত্তি করেছে বলে জানিয়েছে। পাশাপাশি কিশোরদের নিরাপত্তায় কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেছে।

বিশেষজ্ঞদের পরামর্শ, যেসব এআই সেবায় ব্যবহারকারীরা ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দিয়েছেন, সেগুলোর তথ্য ব্যবহারের নীতিমালা দেখে নেওয়া উচিত। কোনো সেবা ব্যবহার বন্ধ করলে সম্ভব হলে সেখান থেকে নিজের তথ্য মুছে ফেলতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে তার কাছে জমা থাকা তথ্য কোথায় যাবে বা কীভাবে ব্যবহার হবে তা সব সময় ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকে না।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ