শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম (ভিজিট : ০)

বেতন বৃদ্ধির পর অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল আশুলিয়া। তবে আজও বিক্ষোভ করছে সাভারে হেমায়েতপুরের পোশাক শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করতে দেখা গেছে পোশাক শ্রমিকদের। নির্ধারিত সময়ে প্রবেশের পর উৎপাদন শুরু হয়েছে।
শিল্প পুলিশ জানায়, সাভারের হেমায়েতপুরে কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা নির্ধারিত বেতন মজুরি প্রত্যাখ্যান করে কারখনার ভেতর প্রবেশ করে হাজিরা নিশ্চিতের পর বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে তারা হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে নেমে অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ টিয়ালরসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে আজও ২০টির মতো পোশাক কারখানা শ্রম আইনের ১৩/১ ধারায় বন্ধ রয়েছে। শ্রমিক অসন্তোষের মুখে আজও ১০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। কর্মবিরতি করে বিক্ষোভ করছে আরও ৯ কারখানা।
শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, শিল্পাঞ্চল আশুলিয়াসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে বিজিবি।
ডেল্টা টাইমস/সিআর/এমই