রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি, গ্রামীণ ভোটে বড় জয় কংগ্রেসের

ডেল্টা টাইমস ডেস্ক:

আন্তর্জাতিক

ভারতের রাজস্থানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত

2026-11-21T12:47:51+06:00
2026-11-21T12:47:51+06:00
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ভরাডুবি, গ্রামীণ ভোটে বড় জয় কংগ্রেসের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম   (ভিজিট : ৭)
রাজস্থান রাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা ও টিকারাম জুলি পঞ্চায়েত নির্বাচনে বিজয় উদ্‌যাপন করছেন। ছবি: এএনআই

রাজস্থান রাজ্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা ও টিকারাম জুলি পঞ্চায়েত নির্বাচনে বিজয় উদ্‌যাপন করছেন। ছবি: এএনআই

ভারতের রাজস্থানে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ-তিন স্তরেই দলটিকে পেছনে ফেলে বড় জয় পেয়েছে বিরোধী দল কংগ্রেস। এ ফলকে রাজ্যের গ্রামীণ জনপদে বিজেপির প্রতি মানুষের অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছে কংগ্রেস।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, রাজ্যের ৪১টি জেলা পরিষদের অধিকাংশতেই আধিপত্য বিস্তার করেছে কংগ্রেস। চারটি জেলার ভোট গণনা স্থগিত রয়েছে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির আসনসংখ্যায় বিজেপির চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস। গত নির্বাচনের তুলনায় এবার তিন স্তরেই বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে কমেছে।

এ নির্বাচনে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। তার নিজের নির্বাচনী এলাকা সাঙ্গানের পঞ্চায়েত সমিতিতে বিজেপি তৃতীয় স্থানে নেমে গেছে। সেখানে জয় পেয়েছে আঞ্চলিক দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি)। মুখ্যমন্ত্রীর নিজ জেলা ভরতপুরের ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ২১ থেকে ২২টি আসন পেয়েছে কংগ্রেস।

জয়পুর জেলার ফাগি পঞ্চায়েত সমিতিতেও বিজেপির ভরাডুবি হয়েছে। সেখানকার ১৫টি আসনের একটিতেও জয় পায়নি দলটি। কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক ক্রীড়াবিদ রাজ্যবর্ধন সিং রাঠোরের নির্বাচনী এলাকার পঞ্চায়েত সমিতিতেও প্রায় সব আসনে জয় পেয়ে বোর্ড গঠন করেছে কংগ্রেস। সেখানে বিজেপি পেয়েছে মাত্র একটি আসন।

রাজ্যের নগরোন্নয়নমন্ত্রী ঝাবর সিং খররার পরিবারের সদস্যরাও নির্বাচনে সুবিধা করতে পারেননি। তার স্ত্রী ও ছেলেসহ পরিবারের চার সদস্য প্রার্থী হয়েও পরাজিত হয়েছেন।

নির্বাচনে বড় জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেন, রাজস্থানের ফলাফলে বিজেপি বুঝতে পারছে, গ্রামীণ ভারতের মানুষ কতটা ক্ষুব্ধ। কর্মসংস্থানের অভাব, আয় কমে যাওয়া, কৃষকদের বঞ্চনা ও লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ বিপর্যস্ত। ব্যালটের মাধ্যমে তারা সেই ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আবার ফিরছে।

অন্যদিকে, নির্বাচনের ফলাফলকে জনগণের রায় হিসেবে মেনে নিয়েছেন রাজস্থান বিজেপির সভাপতি মদন রাঠোর। দলের কোথায় ঘাটতি ছিল, তা পর্যালোচনা করার কথা জানিয়েছেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৮ সালে রাজস্থানে পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে পঞ্চায়েত নির্বাচনে এ ফল বিজেপির জন্য বড় সতর্কবার্তা। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বাধীন দলের জন্য গ্রামীণ ভোটারদের এই অবস্থান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

এর আগে নাগপুর, পাটনা, দ্বারভাঙা ও লখনউয়ের মতো শহরে বিধান পরিষদ নির্বাচনে শিক্ষক ও স্নাতক ভোটারদের সমর্থন হারিয়েছিল বিজেপি। সে সময় উত্তরপ্রদেশে এনডিএর শরিক দল ও মন্ত্রী ওমপ্রকাশ রাজভড় মন্তব্য করেছিলেন, শিক্ষিত ভোটাররা ভোট দেওয়ায় এনডিএ প্রার্থীরা পরাজিত হয়েছেন। রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল গ্রামীণ ভোটারদের মধ্যেও বিজেপির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

উল্লেখ্য, রাজস্থানের গত বিধানসভা নির্বাচনের পর প্রভাবশালী বিজেপি নেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে অনেকটা কোণঠাসা করে তুলনামূলক কম পরিচিত নেতা ভজনলাল শর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়। তার নেতৃত্বাধীন সরকারের প্রথম বড় নির্বাচনী পরীক্ষায় বিজেপির এই বিপর্যয় দলটির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ধাক্কা কাটিয়ে বিজেপি কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


ডেল্টা টাইমস/সিআর/এমই








  এই ক্যাটেগরির আরো সংবাদ