প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম (ভিজিট : ৬)

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যেই মিয়ানমার সরকার বিবাহ ও সন্তান নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল বলে পর্যবেক্ষণ দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় পাঠ করার সময় আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া এই মন্তব্য করেন।
রায় পাঠকালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে আরোপিত বিধিনিষেধগুলো কীভাবে তাদের জন্মহারকে প্রভাবিত করেছে, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিচারক ইওয়াসাওয়া। তিনি বলেন, মিয়ানমার সরকার এমন এক আঞ্চলিক আদেশ জারি করেছিল; যার আওতায় ‘বাঙালি’ হিসেবে বর্ণিত জনগোষ্ঠীর জন্য বিয়ের ক্ষেত্রে বিশেষ অনুমতির বাধ্যবাধকতা এবং বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমাবদ্ধ করা হয়েছিল।
বিচারক ইওয়াসাওয়া বলেন, রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণে এসব নীতি পুরোপুরি সফল না হলেও এই পদক্ষেপের মূল উদ্দেশ্য যে ওই জনগোষ্ঠীর জন্মহার ধীর করে দেওয়া; তা মিয়ানমার নিজেই স্বীকার করেছে।
আদালতের পর্যবেক্ষণ তুলে ধরে বিচারক বলেন, ‘‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত হয়েছে যে, ওই আদেশটি ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত একটি জবরদস্তিমূলক পদক্ষেপ। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল অন্ততপক্ষে ‘নিধন অভিযান’ চলাকালীন ওই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার হ্রাস করা।’’
আদালত বলেছেন, অন্যান্য নিপীড়নমূলক পদক্ষেপের পাশাপাশি এসব নীতি রোহিঙ্গা জনগোষ্ঠীর বংশবিস্তার থামিয়ে দেওয়ার রাষ্ট্রীয় উদ্দেশ্যেরই ‘নির্দেশক’। এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহারের কথাও জানিয়েছেন বিচারক। তিনি বলেছেন, ‘‘রোহিঙ্গা জনগোষ্ঠীর সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতাকে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এই যৌন সহিংসতা চালানো হয়েছিল।’’
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নৃশংস দমন-পীড়ন ও ‘নিধন অভিযানের’ মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন। আগে থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন।
এই নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে এবং ১৯৪৮ সালের আন্তর্জাতিক গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
২০২০ সালের জানুয়ারিতে আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে আজ এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করছেন ১৫ বিচারপতির এই আন্তর্জাতিক আদালত।
ডেল্টা টাইমস/সিআর/এমই