প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ০)

যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে ৪ হাজার পারমাণবিক বোমা মজুত আছে। এত সংখ্যক পারমাণবিক বোমার প্রয়োজন দেশটির নেই উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট।
ট্রাম্প জানিয়েছেন, তিনি চান যে বিশ্বের ৩ পরাশক্তি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন যেন নিজেদের মজুতে থাকা পরমাণু অস্ত্রের বড় অংশই ধ্বংস করতে সম্মত হয়; তবে এ কাজটি যে খুব কঠিন— তা ও স্বীকার করেছেন তিনি।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সামিট (এপিস) সম্মেলনে যোগ দিতে গতকাল বুধবার চীনের শেনজেন শহরে পৌঁছেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে পৌঁছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন— এ ৩ দেশের মধ্যে পরমাণু অস্ত্র হ্রাস বা পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত একটি চুক্তির ব্যাপারে আলোচনা করতে আগ্রহী তিনি।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রায় ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে; অন্যদিকে রাশিয়ার কাছে আছে ৩,৮০০টি এবং চীনের কাছে রয়েছে ৪০০ থেকে ৫০০টি।
ফক্স নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “পারমাণবিক অস্ত্র মজুতের নিরিখে বর্তমানে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। আমাদের পর দ্বিতীয় স্থানে আছে রাশিয়া এবং চীন তৃতীয় অবস্থানে রয়েছে—যদিও তারা রাশিয়ার চেয়ে অনেক পিছিয়ে আছে; তবে বর্তমানে তারা পুরোদমে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি চাই তারা যেন এমনটা না করে। কিন্তু তারা যখন আমার দিকে তাকিয়ে বলে, ‘ঠিক আছে, আমরা তা করব, তবে আপনি কি আপনার পারমাণবিক অস্ত্রের সংখ্যা ২,০০০টি কমিয়ে ফেলবেন?’—সত্যি বলতে, আসলে তো মাত্র ১০টি থাকলেই যথেষ্ট। আমরা ঠিক কী ধরনের শক্তির কথা বলছি তা বুঝতেই পারছেন; ৪,০০০ অস্ত্রের কোনো প্রয়োজনই নেই।”
“তবে এটি করা অত্যন্ত কঠিন—আমার জন্য যেমন কঠিন, সম্ভবত তাদের জন্যও এটি করা সমান কঠিন।”
আজ ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সম্মেলনের দ্বিতীয় এবং শেষ দিন। এই দিনে ট্রাম্প-পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপাক্ষিক বৈঠকে এ প্রসঙ্গটি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। - সূত্র : সিএনএন, আলজাজিরা
ডেল্টা টাইমস/সিআর/এমই