প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৯:৪৬ এএম (ভিজিট : ১২)

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার কথা এইডেন মার্করামের।
বাভুমার চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সামনে এখন চার নম্বর ব্যাটার খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ। টনি ডি জর্জি দলের রিজার্ভ ব্যাটার হিসেবে রয়েছেন। বাভুমার জায়গায় সরাসরি তাকে খেলানো হতে পারে। তবে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে আগামী মাসের সাদা বলের সিরিজের দল ঘোষণার দিন একজন অতিরিক্ত খেলোয়াড়ের নামও ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে জায়গা পাওয়ার দৌড়ে আছেন কয়েকজন ব্যাটার। তাদের মধ্যে সিনেথেম্বা কেশিলে আছেন, যিনি বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন। ডারবানে অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ আফ্রিকার হারের পরও টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে সেই সুযোগ হাতছাড়া হয়। এ ছাড়া আছেন জর্ডান হারম্যান। শীতকালীন মৌসুমে ইংল্যান্ড লায়ন্স ও সমারসেটের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ৯ ইনিংসে ৬১.৮৫ গড়ে রান করেছেন তিনি। টেস্ট দল থেকে সম্প্রতি বাদ পড়া ডেভিড বেডিংহামও বিবেচনায় রয়েছেন।
বাভুমার সুস্থ হয়ে ওঠার নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। নিজের ভাষায়, এখনো তার ‘পূর্ণাঙ্গ মেডিকেল আলোচনা’ হয়নি। তবে ১৭ ডিসেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তার মাঠে ফেরার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাভুমা বলেন, ‘এ পরিস্থিতিতে পড়তে হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ। তবে এটা আমার খেলারই একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসক দলের তত্ত্বাবধানে আমি চোট সামলানোর কাজ চালিয়ে যাব। হয়তো নিজের ব্যাটিং নিয়ে নতুন করে ভাবার, কোথায় আছি তা পর্যালোচনা করার একটা সুযোগও এটি। ব্যাটার হিসেবে কোন কাজগুলো ভালো করছি, দল হিসেবে আমরা কী ভালো করছি- সেগুলো দেখার পাশাপাশি ডিসেম্বরে সামনে যে চ্যালেঞ্জ আসছে, তা নিয়েও ভাবব।’
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। মাঠে চিকিৎসা নেওয়ার পর ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন। কাগিসো রাবাদা ও ডিন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে নিজের রান আরও ১৯ বাড়ান। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি তিনি।
প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষেও উঠেছে দলটি।
অধিনায়ক হিসেবে ১৬ টেস্টের পর দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল অধিনায়কের রেকর্ডও এখন বাভুমার। এই সময়ে মাত্র একবার হেরেছে তাঁর দল, গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কোনো সিরিজেও হারেনি তারা। তবে অধিনায়ক হওয়ার পর থেকে চোটের কারণে নিয়মিতই মাঠের বাইরে থাকতে হয়েছে বাভুমাকে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অধিনায়ক হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ২৫টি টেস্টের মধ্যে ৯টিতে খেলতে পারেননি তিনি। এর মধ্যে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের সময় এসএ২০-তে দায়িত্ব পালনের কারণে দুটি ম্যাচে ছিলেন না। বাকি সাতটি ম্যাচে খেলতে পারেননি চোটের কারণে।
২০২৩ সালের শেষ দিকে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে পরের বছরের প্রথম টেস্টেও খেলতে পারেননি বাভুমা। কনুইয়ের চোট থেকে সেরে ওঠার কারণে ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। পরে ২০২৪-২৫ মৌসুমে ঘরের মাঠের ক্রিকেটে ফিরে দক্ষিণ আফ্রিকাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেতৃত্ব দেন।
এরপর লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবার হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। সেই চোটের কারণে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিতে পারেননি। একই সমস্যায় পাকিস্তানের বিপক্ষে গত অক্টোবর-নভেম্বরের সিরিজেও খেলতে পারেননি। এবার কাফ মাসলের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেলেন তিনি।
বারবার চোটে পড়ার বিষয়টি নিয়ে একিসোসা ভাষায় বাভুমা বলেন, ‘এটা নিয়মিতই ঘটছে, আর আমি একরকম এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। টেম্বা আবার চোটে পড়েছে- এতে কেউ অবাক হয় না। তবে প্রতিটি ম্যাচেই এমন কিছু ঘটবে, তা আমি প্রত্যাশা করি না। মানসিকভাবে পরিস্থিতি সামলানোর একটা উপায় আমার আছে।’
দ্বিতীয় টেস্টে খেলতে না পারলেও দলের সঙ্গে সুপারস্পোর্ট পার্কে থাকবেন বাভুমা। তিনি বলেন, ‘আমি অবশ্যই দলের সঙ্গে থাকব। মাঠে খেলতে পারব না, তবে দলের সঙ্গেই থাকব।’ ২০২৭ সালের শুরুর আগপর্যন্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার আরও চারটি টেস্ট খেলার কথা রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ করতে আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টও খেলবে তারা।
ডেল্টা টাইমস/সিআর/এমই