রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি দোলন গ্রেপ্তার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ এএম (ভিজিট : ৪৬)

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। মামলাগুলোর মধ্যে একটি হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগে।
তবে গ্রেপ্তারের পর তাকে কোন মামলায় আদালতে হাজির করা হবে তা জানা যায়নি।
এস এম আতাউল হক দোলন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
ডেল্টা টাইমস/সিআর/এমই